যশোর-৪ আসনের (অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা ও যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) ভোটারদের সামনে দশম জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু নির্বাচনের কোনো উত্তাপ এলাকায় নেই। এ নিয়ে নির্বিকার ভোটাররাও।
ওই আসনের বিভিন্ন এলাকা ঘুরে জানা গেল, সর্বাত্মক চেষ্টা চালিয়েও নির্বাচনী এলাকার সব জায়গায় যেতে পারেননি দুই প্রার্থী। তাঁরা যেসব এলাকায় যেতে পারছেন, সেই সব এলাকায়ও ভোট নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ তৈরি করতে পেরেছেন বলে মনে হয়নি।
দ্বিতীয়বারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়েছে অনার্স পড়ুয়া আলাল শেখের। আলাপের শুরুতেই ভোট দিয়ে কী হবে এমন হতাশার কথা জানিয়ে দিলেন।
অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে বাড়ি আলালের। গ্রামে ঢুকেই নৌকা প্রতীকের সমর্থনে মাইকিং শোনা গেল। স্থানীয় লোকজন জানান, এই প্রথম গ্রামটিতে কোনো প্রার্থীর প্রচারণা শোনা গেল। আলাল বললেন, ‘ভোট একটা করতে হবে, তাই হচ্ছে। ফলাফলও সবার জানা। আমি ভাই ভোট দিতে যাব না।’
গত নির্বাচনে যশোর-৪ আসনটি গঠিত হয়েছিল বাঘারপাড়া উপজেলা ও যশোর সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ফতেপুর, ইছালী, নরেন্দ্রপুর, নওয়াপাড়া ও বসুন্দিয়া নিয়ে। এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থী রণজিত রায়। আর যশোর-৬ আসনটিতে ছিল অভয়নগর ও কেশবপুর উপজেলা ও মনিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়ন। আওয়ামী লীগের শেখ আবদুল ওহাব এই আসন থেকে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে হুইপ নিযুক্ত হন।
এবার অভয়নগর ও বাঘারপাড়া উপজেলা এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন নিয়ে যশোর-৪ আসনটি পুনর্বিন্যস্ত করা হয়েছে। পুনর্বিন্যস্ত এই আসনে আওয়ামী লীগের ওই দুই সাংসদ এবার ‘নির্বাচনী যুদ্ধে’ অবতীর্ণ হয়েছেন। রণজিত রায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে শেখ আবদুল ওহাব স্বতন্ত্র প্রার্থী। তাঁর প্রতীক কলস। এই দুজন ছাড়া আর কোনো প্রার্থী নেই।
দুটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের আসনটিতে মোট ভোটার তিন লাখ ৩৯ হাজার ৯০ জন। অভয়নগর উপজেলায় ভোটার এক লাখ ৭১ হাজার ৭০ জন, বাঘারপাড়া উপজেলায় এক লাখ ৪৪ হাজার ৩৪৫ জন এবং বসুন্দিয়া ইউনিয়নে ২৩ হাজার ৬৭৫ জন।
দুই উপজেলার ঠিক মাঝখানে পড়েছে সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন। জামায়াত-শিবিরের ‘দুর্গ’ বলে পরিচিত এ ইউনিয়নে এখনো প্রার্থীদের কেউ যেতে পারেননি। যশোর শহর থেকে অভয়নগর ও বাঘারপাড়ায় যেতে স্বাভাবিক সময়ে বসুন্দিয়ার ওপর দিয়েই যাতায়াত করে মানুষ। কিন্তু সাম্প্রতিক সময়ের সহিংসতার কারণে বসুন্দিয়ার পরিবর্তে ঘুরপথে বাঘারপাড়ায় যাতায়াত করে মানুষ।
বাঘারপাড়া উপজেলার মথুরাপুর গ্রামের কারিগরি কলেজের প্রভাষক এনামুল হক বলেন, ‘দেশের নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করা উচিত। তবে একজন ভোটার হিসেবে আমার আকাঙ্ক্ষা ছিল সব দল নির্বাচনে অংশ নেবে। নির্বাচনটি হয়ে উঠবে স্বতঃস্ফূর্ত। কিন্তু সে প্রত্যাশা পূরণ হলো না।’
কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, লোকসমাগম হয় এমন স্থানে উভয় প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙানো হয়েছে। তবে ভোটের উৎসব বলে কিছু নেই। চায়ের দোকান থেকে শুরু করে গ্রাম্য হাট-বাজারগুলোতে কোথাও নির্বাচনী আলোচনা-সমালোচনা নেই। কথা বলে মনে হলো, ভোটারদের অনেকেই ভোট না দেওয়ার সিদ্ধান্ত যেন নিয়েই রেখেছেন। তবে অনেকে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি বলেও জানিয়েছেন।
বাঘারপাড়ার মহিরণ গ্রামের আহাদ আলী ভোট দিতে যাবেন কি না এখনো ঠিক করেননি। পেশায় ব্যবসায়ী আহাদ বলেন, ‘একতরফা নির্বাচন হওয়ায় ভোট দিতে যাওয়া না-যাওয়া কোনো মূল্য রাখে না। সবকিছু বিবেচনা করে ভোটের দিন সিদ্ধান্ত নেব, ভোট দিতে যাব কি না।’
তবে ভোট না দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অভয়নগর উপজেলার অভয়নগর গ্রামের গৃহবধূ রীনা বেগম। তিনি বলেন, সব দল থাকলে একটা আনন্দের পরিবেশ থাকে। এবার তা নেই। তা ছাড়া, নানান ভয় রয়েছে। এই অবস্থার মধ্যে ভোট দিতে যাওয়ার কোনো মানে হয় না।
ভোটের মাঠে নেই আওয়ামী লীগের অনেক নেতাও। তাঁদের একজন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী। গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে তিনি বলেন, ‘ডাক্তার দেখানোর জন্য কয়েক দিন ধরে আমি এক আত্মীয়ের বাড়িতে আছি। ভোটের আগে বাড়িতে যাব।’ তিনি বলেন, নির্বাচন জমেনি সত্য। তবু আওয়ামী লীগ যাঁরা করেন, তাঁরা অবশ্যই ভোট দিতে যাবেন। বিএনপি-জামায়াতের কিছু কিছু ভোটার শেষ মুহূর্তে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। সেটা হলে স্বতন্ত্র প্রার্থী লাভবান হবেন।
নির্বাচনী প্রচারণায় গতকাল রণজিত রায় ছিলেন নওয়াপাড়া পৌর এলাকায়। আবদুল ওহাব প্রচারণা চালিয়েছেন সিদ্ধিপাশা ইউনিয়নে।