নিরুত্তাপ নির্বাচনী মাঠে প্রচারণায় ব্যস্ত দুই প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনের দুটিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট হচ্ছে শুধু মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে। নির্বাচনে ভোটারদের মধ্যে তেমন একটা আমেজ না থাকলেও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রার্থী।
প্রার্থীরা হলেন আওয়ামী লীগের মনোনীত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এম নাঈমুর রহমান দুর্জয় এবং মহাজোট সরকারের অন্যতম শরিক দল জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঘিওর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান। এরই মধ্যে তাঁরা ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠনের কাজ সম্পন্ন করেছেন। নিয়মিত গণসংযোগ, পথসভা, মতবিনিময় ছাড়াও নির্বাচনী মিছিলে অংশ নিচ্ছেন। ভোটারদের ৫ জানুয়ারি নির্বাচনের দিন ভোট দেওয়ার অনুরোধ করছেন তাঁরা।
জেলা নির্বাচন কার্যালয় জানায়, ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা মিলে মানিকগঞ্জ-১ আসনে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৯৮৩ জন, নারী ভোটার এক লাখ ৭৩ হাজার ৩৫৩ জন। ২২টি ইউনিয়নে ভোটকেন্দ্র ১৬৪টি। ভোট কক্ষের সংখ্যা ৬৯৭টি।
নাঈমুর রহমান গতকাল বুধবার দুপুরের পর থেকে শিবালয়ের উথলী ও মহাদেবপুর ইউনিয়ন এবং ঘিওরের বানিয়াজুরী ও বালিয়াখোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করে ভোট চান। তাঁর প্রতিদ্বন্দ্বী আফজাল হোসেন দৌলতপুরের চকমিরপুর ও কলিয়া এবং ঘিওরের সদর ও তেরশ্রী ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ করেন।
উভয় প্রার্থীই ভোটারদের খোঁজখবর নেন এবং তাঁদের সুবিধার্থে রাস্তাঘাট, স্কুল-কলেজ, গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেন।
নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে নির্বাচনী পোস্টার ঝুলতে দেখা গেছে। তবে ভোটারদের মধ্যে তেমন একটা উৎসাহ-আগ্রহ দেখা যায়নি। রয়েছে সংশয়ও। ভোটারদের কেউ কেউ জানেনই না প্রার্থীরা কারা।
ঘিওরের সিংজুরী ইউনিয়নের কালীগঙ্গা নদীতে খেয়া পারাপারকারী রঞ্জিত আলী বলেন, ‘এইবার ভুটে ক্যারা ক্যারা খারাইছে তাই জানি না। খালি হুনি নৌকা আর মশাল (জাসদের প্রতীক) মার্কায় ভোট অইব।’
নাম প্রকাশে অনিচ্ছুক শিবালয়ের রূপসা গ্রামের এক স্কুলশিক্ষক বলেন, ‘দেশের যে অবস্থা, কাজ না থাকলে বাড়ি থেকে খুব একটা বের হই না। পরিবেশ-পরিস্থিত স্বাভাবিক থাকলে ভোটকেন্দ্রে যাব।’
আফজাল হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ বড় দল হলেও এ দলের মনোনীত প্রার্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তৃণমূল ভোটারদের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততাও ছিল না। দীর্ঘদিনের রাজনীতি ও মুক্তিযোদ্ধা হিসেবে ভোটারেরা আমাকে বেছে নেবে।’
তবে এ কথা মানতে নারাজ নাঈমুর রহমান। তিনি বলেন, ‘আওয়ামী লীগের বিশাল সমর্থকগোষ্ঠী রয়েছে। যখনই সুযোগ পেয়েছি, এলাকার সাধারণ মানুষের সঙ্গে মিশেছি। নির্বাচনে ভোটারদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি।’
মতবিনিময় সভা: দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মানিকগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী ও তাঁদের এজেন্টদের নিয়ে গতকাল জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাসুদ করিম।
এ সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ আ আ আ আসাদুজ্জামান ও জাসদের জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন খান বক্তব্য দেন।
প্রার্থীরা বলেন, জামায়াত-শিবির ও বিরোধী দলের নেতা-কর্মীরা ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি-ধমকি দিতে পারেন। সহিংসতার মতো কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনাও তাঁরা করতে পারেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানান তাঁরা।
রিটার্নিং কর্মকর্তা মাসুদ করিম বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনের দিন সেনাসদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। এ ছাড়া প্রয়োজনীয় ভ্রাম্যমাণ দলও থাকবে।