জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৯৩ হাজার ৫৪৭টি ভোট পেয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে এ ফলাফল ঘোষণা করেন।
অপর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েস ১ হাজার ৬৯৬টি ভোট এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান খান ১ হাজার ৩২০টি ভোট পেয়েছেন। এর মধ্যে ইমরুল কায়েস কারচুপির অভিযোগ এনে গতকাল বিকেলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানিয়ে দেন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কালিহাতী উপজেলার দুটি পৌরসভা এবং ১৩টি ইউনিয়ন নিয়ে এ আসন গঠিত। মোট ভোটকেন্দ্র ছিল ১০৭টি।
গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। কালিহাতীর বিভিন্ন ইউনিয়নের কমপক্ষে ১৫টি ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের ভিড় তেমন দেখা যায়নি। কেন্দ্রগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল বেশি।
তবে বিকেল নাগাদ প্রায় কেন্দ্রেই ৫০ ভাগ ভোট পড়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম। এদিকে ভোট শুরু হওয়ার আগেই ব্যালটে সিল দেওয়ার অভিযোগে বল্লভবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এ আসনে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ হন আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল লতিফ সিদ্দিকী। হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ মন্তব্য করায় পরে তাঁকে মন্ত্রিসভা ও দল থেকে অব্যাহতি দেওয়া হয়। দেশে ফিরে গ্রেপ্তার হন তিনি। পরে জামিনে মুক্তিলাভের পর সংসদ থেকে পদত্যাগ করেন।
২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু ঋণখেলাপির কারণে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলসংক্রান্ত বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় নির্বাচন স্থগিত ছিল। উচ্চ আদালত সম্প্রতি কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে আদেশ দেন।