নবগঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র দুই দিন বাকি। আগামী বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার প্রচার-প্রচারণার শেষ দিন। তাই মেয়র, সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদপ্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারে। তাঁরা ছুটে বেড়াচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। কিন্তু যাঁদের জন্য এ আয়োজন, সেই ভোটারদের মধ্যে নির্বাচনের কোনো উত্তাপ নেই বললেই চলে। স্থানীয় লোকজন ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা বলেছেন, এই নির্বাচনে বড় রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে কোনো প্রার্থীকে সমর্থন দেয়নি। ফলে আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির যেসব স্থানীয় নেতা নির্বাচনে অংশ নিয়েছেন, তাঁদের পক্ষে নিজ নিজ দলীয় নেতা-কর্মীদেরও মাঠে খুব একটা দেখা যাচ্ছে না। তা ছাড়া রংপুর জাতীয় পার্টির (জাপা) ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত। দলীয় সিদ্ধান্তে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-সমর্থিত প্রার্থী মসিউর রহমান রাঙ্গা প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচনী পরিবেশ আরও নিরুত্তাপ হয়ে গেছে। এই নির্বাচনে মেয়র পদে মোট ১২ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন: সাবেক উপজেলা চেয়ারম্যান ও জাপার সাবেক নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা ও রংপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এর মধ্যে মোস্তাফিজার রহমান জাপা থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন। তিনি প্রথম আলোকে বলেছেন, তিনি এখন কেবল জাপার একজন কর্মী। আর সরফুদ্দিন আহমেদের ওপর কেন্দ্রীয় বা স্থানীয় আওয়ামী লীগের সমর্থন নেই। তিনি নিজেও প্রথম আলোকে বলেছেন, প্রার্থী হওয়ার ব্যাপারে দলের সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি জনগণের প্রার্থী।অপর মেয়র পদপ্রার্থীদের মধ্যে রংপুর পৌরসভার সাবেক মেয়র এ কে এম আবদুর রউফও নিজ দল জাপা থেকে পদত্যাগ করে নির্বাচন করছেন। আর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমানকে স্থানীয় আওয়ামী লীগের এক যৌথ সভা থেকে সমর্থনের ঘোষণা দেওয়া হলেও তাঁর পক্ষে মাঠে দলীয় নেতাদের সেভাবে দেখা যায়নি; বরং জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনো কোনো নেতা সরাসরি সরফুদ্দিনের পক্ষে কাজ করছেন। তবে দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করছেন সিপিবি ও বাসদের প্রার্থী আবদুল কুদ্দুস ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কাজী মাজিরুল ইসলাম। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতা মো. কাওসার জামান প্রার্থী হয়েছেন। কিন্তু তাঁর পক্ষে দলীয় কোনো তৎপরতা নেই। জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন প্রথম আলোকে বলেছেন, তাঁর দল নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। তাই দলীয়ভাবে এখানে কিছু করা হচ্ছে না। জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর তেমন কোনো কর্মকাণ্ড নেই। প্রার্থীরা ব্যক্তিগত জনপ্রিয়তা পুঁজি করে নির্বাচন করছেন। এটাকে স্থানীয় সরকার নির্বাচনের একটি ভালো উদাহরণ বলে মনে করেন রিটার্নিং কর্মকর্তা।