নিরুত্তাপ হরতালে মাঠে ছিল আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা টানা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন গতকাল সোমবার চট্টগ্রাম নগরে কোনো উত্তাপ ছিল না। হরতাল ডেকে মাঠে ছিলেন না জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।গত রোববারের চেয়ে গতকালের হরতালে নগরে যানবাহন চলাচল ছিল তুলনামূলক বেশি। আর রাজপথ ছিল আওয়ামী লীগের দখলে। রোববার রাতে ও গতকাল সকালের দিকে নগরের বিভিন্ন স্থানে ককটেল ও পটকা ফাটিয়ে এবং টায়ারে আগুন দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন হরতাল-সমর্থকেরা। এ কারণে সকালে যানবাহন চলাচল কিছুটা কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরে যানবাহন চলাচলও বাড়তে থাকে। এদিকে হরতালের বিরুদ্ধে নগরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দিনভর সমাবেশ ও মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারেও সমাবেশ হয়েছে নগরের দু-একটি মোড়ে। গতকাল সকালের দিকে ষোলশহর থেকে হরতালবিরোধী একটি মোটরসাইকেল-মিছিল বের করা হয়। মিছিলটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে নগরের মোমিন রোড ও আগ্রাবাদ এলাকায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও টায়ারে আগুন দেন হরতালকারীরা। এরপর সকাল সাড়ে নয়টায় সিরাজউদ্দৌলা সড়কে একটি টেম্পোতে আগুন দেওয়ার চেষ্টা করেন শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। এর আগে রোববার রাতে নগরের বহদ্দারহাট ও আসকার দীঘির পাড় এলাকায় পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেন হরতালকারীরা। গতকাল নগরের বিপণিবিতান মোড়, আন্দরকিল্লা, ২ নম্বর গেট, বহদ্দারহাট, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা ঘুরে কোথাও পিকেটারদের দেখা মেলেনি। দুপুর থেকে নগরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বাড়তে শুরু করে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল ছিল স্বাভাবিক। প্রধান সড়কগুলোতে বেলা দুইটার পর থেকে যাত্রীবাহী গণপরিবহন চলাচলও শুরু করে।চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) মোস্তাক আহমেদ বলেন, ‘হরতালে কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। অতিরিক্ত পুলিশ ও বিজিবি নগরের সব এলাকায় টহল দিচ্ছে।’