নির্গত বিষাক্ত বর্জ্যে মারা গেছে নয়টি জলাশয়ের মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের নির্গত বিষাক্ত বর্জ্যে গত শনিবার আশপাশের এলাকার নয়টি জলাশয়ের মাছ মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, উপজেলার তারাকান্দি এলাকায় অবস্থিত যমুনা সার কারখানা থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ নির্গমন হচ্ছে। এ বর্জ্যে কারখানার পশ্চিম পাশে কান্দারপাড়া এলাকার কান্দারপাড়া জামে মসজিদের দুটিসহ নয়টি জলাশয়ের প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। ক্ষতিগ্রস্ত জলাশয়গুলোর মালিকেরা হলেন মিজানুর, সুজাউল, জামাল, বিশু চন্দ দাস, মাহবুর, ইয়াজ উদ্দিন ও জলিল।

এলাকাবাসী জানান, ১৯৯১ সালে কারখানাটি স্থাপন করার পর থেকে নির্গত বিষাক্ত বর্জ্যের কারণে আশপাশের এলাকায় জমিতে ফসল হয় না। কারখানা থেকে নির্গত অ্যামোনিয়া গ্যাসে কান্দারপাড়া, তারাকান্দি, ডুরিয়ারভিটা পলিশা গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। কারখানা থেকে যখন অ্যামোনিয়া গ্যাস ছেড়ে দেওয়া হয় তখন আশপাশের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ বন্ধ হয়ে যায়। শ্রেণীকক্ষে থাকা শিক্ষার্থীরা গ্যাসের কারণে অজ্ঞান হয়ে পড়ে। গ্যাসের কারণে শিশুরা রোগে আক্রান্ত হচ্ছে। গাছপালা মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসী গত ২২ বছরে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে বেশ কয়েকবার ক্ষতিপূরণের আবেদন করলেও কোনো কাজ হয়নি।

কান্দারপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত জলাশয়ের মালিক মিজানুর রহমান বলেন, ‘কারখানার নির্গত বিষাক্ত বর্জ্য পদার্থে আমার দেড় লাখ টাকার মাছ মরে গেছে।’ সুজাউল ইসলাম বলেন, বর্জ্য পদার্থে মাছ মারা যাওয়ায় তিনি কারখানার ব্যবস্থাপনা পরিচালকের বরাবরে ক্ষতিপূরণের আবেদন করেছেন। পোগলদিঘা উচ্চবিদ্যালয়ের শিক্ষক নূরুল হক জামালী বলেন, কারখানা থেকে যখন অ্যামোনিয়া গ্যাস ছেড়ে দেওয়া হয় তখন শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে যায়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দিন বলেন, বর্জ্য পদার্থে মাছ মরে যাওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।