নির্ঘুম রাত কাটাচ্ছেন শিবালয়ের চরের বাসিন্দারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার সদর ও তেওতা ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সারা বছর গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও কোরবানির ঈদের আগে তা বেড়ে যায়। এবার ঈদের আগে চরাঞ্চলের বাসিন্দারা গরু রক্ষায় রাত জেগে পাহারা দিচ্ছেন।
সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, দুর্গম এলাকায় কোনো ঘটনা ঘটলে খবর দেওয়ার পরও পুলিশ সদস্যরা যথাসময়ে উপস্থিত হতে পারেন না। তবে ঈদের আগে নদীতে পুলিশি টহল বাড়ানো হলে এলাকাবাসীর দুশ্চিন্তা কমে যাবে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সদর ইউনিয়নের যমুনা নদীবেষ্টিত চর শিবালয় এবং তেওতা ইউনিয়নের আলোকদিয়া ও কানাইদিয়া চরাঞ্চলের মানুষের আয়ের অন্যতম উৎস হচ্ছে গরু পালন। তাঁরা সারা বছর গরু পালন করেন এবং কোরবানির ঈদে তা বিক্রি করে থাকেন। এ থেকে উপার্জিত অর্থ দিয়েই চলে তাঁদের সংসার। কিন্তু প্রতিবছর ঈদের আগে গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যায়। ডাকাতেরা ট্রলারে করে এসে গরু লুট করে নিয়ে যায়। এবারও চরাঞ্চলবাসী দুশ্চিন্তায় রয়েছেন। এবার এসব চরাঞ্চলের মানুষ কমপক্ষে ৩০ হাজার গরু কোরবানির বিভিন্ন পশুর হাটে নেওয়ার অপেক্ষায় রয়েছেন।
সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলা সদর থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত ওই চরাঞ্চলগুলোর প্রায় প্রতিটি বাড়িতেই ছোট-বড় গরুর খামার রয়েছে। এসব খামারে কেউ দুটি, আবার কেউ ১০টিরও বেশি বিভিন্ন জাতের গরু পালন করছেন। এলাকাবাসী জানান, তাঁদের উপার্জনের অন্যতম উৎস হচ্ছে গরু পালন। সাধারণত কোরবানির ঈদ সামনে রেখেই তাঁরা সারা বছর গরু পালন করে থাকেন। গরু বিক্রির অর্থ দিয়ে চলে তাঁদের সংসার। চলে ছেলেমেয়েদের লেখাপড়ার খরচও। কিন্তু ঈদ এলে ডাকাতির ঘটনা বেড়ে যায়। গত এক মাসে এসব চরাঞ্চলে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। রাত জেগে গরু পাহারা দিচ্ছেন।
চর শিবালয়ের আলী কাজী জানান, সারা বছরই তিনি গরু পালন করে থাকেন। গরু বিক্রির অর্থ দিয়েই সংসার ও ছেলেমেয়েদের পড়ালেখার খরচ চলে। গত বছর কোরবানির ঈদের দুই সপ্তাহ আগে রাতের বেলায় ট্রলারে করে ডাকাতেরা তাঁর বাড়িতে হানা দিয়ে পাঁচটি গরু লুট করে নিয়ে যায়।
তেওতা ইউপির আট নম্বর ওয়ার্ডের সদস্য মতিয়ার রহমান জানান, এ বছর এসব চরাঞ্চলের মানুষের কমপক্ষে ৩০ হাজার গরু কোরবানির পশুর হাটে ওঠার অপেক্ষায় রয়েছে। এবার ঈদের আগে তাঁর ওয়ার্ডে ডাকাতির ঘটনার খবর পাওয়া যায়নি। এর পরেও ডাকাতির আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন চরাঞ্চলবাসী।
শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এবার ঈদের সামনে এসব চরাঞ্চলে গরু চুরি বা ডাকাতির কোনো খবর পাওয়া যায়নি। ঈদের সামনে চরাঞ্চলবাসীর নিরাপত্তা এবং চুরি-ডাকাতি ঠেকাতে নদীতে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। তবে নৌযান ও লোকবলস্বল্পতার কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।