নির্ঘুম রাত শেষে স্বস্তির ভোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারদিকে থমথমে অবস্থা, কী হবে—এমন অজানা শঙ্কায় ঘরবাড়ি ছেড়ে ছোট্ট শিশুকে কোলে নিয়ে এসেছেন আড়াই কিলোমিটার দূরের আশ্রয়কেন্দ্রে। সেখানে নির্ঘুম বসে আছেন এক নারী। গত সামবার দিবাগত রাত সাড়ে তিনটায় বরগুনার তালতলী উপজেলার অংকুজানপাড়া আশ্রয়কেন্দ্র থেকে ছবিটি তোলা l প্রথম আলো
চারদিকে থমথমে অবস্থা, কী হবে—এমন অজানা শঙ্কায় ঘরবাড়ি ছেড়ে ছোট্ট শিশুকে কোলে নিয়ে এসেছেন আড়াই কিলোমিটার দূরের আশ্রয়কেন্দ্রে। সেখানে নির্ঘুম বসে আছেন এক নারী। গত সামবার দিবাগত রাত সাড়ে তিনটায় বরগুনার তালতলী উপজেলার অংকুজানপাড়া আশ্রয়কেন্দ্র থেকে ছবিটি তোলা l প্রথম আলো

চরম উদ্বেগ-উৎকণ্ঠায় নির্ঘুম রাত কাটিয়েছে দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষ। ঘূর্ণিঝড় মোরার প্রভাবে সোমবার দুপুরে আকস্মিক বরিশাল উপকূলে ৮ নম্বর মহা বিপৎসংকেত জারির পর বিকেল থেকে এই অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় নানা উদ্যোগ। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকেরা গ্রামে গ্রামে মাইকে সংকেত প্রচার ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। অনেকে পরিবার-পরিজন নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটে গেছে, আবার বেশির ভাগই পরিস্থিতির পর্যবেক্ষণ করে যায়নি। যারা গিয়েছিল তারা নির্ঘুম রাত শেষে গতকাল মঙ্গলবার সকালে স্বস্তি নিয়ে ফিরেছে নিজের ঘরে।
বরিশাল জেলা প্রশাসন সোমবার দুপুর থেকে ৩৬টি আশ্রয়কেন্দ্র খুলে ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার ব্যবস্থা করে। এ জন্য প্রস্তুত রাখা হয় ১২০টি চিকিৎসা দল।
গতকাল মঙ্গলবার সকালে বাড়ি ফিরেছে বরগুনার বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া অন্তত ২০ হাজার লোক। এসব মানুষ গভীর উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে কাটিয়েছে একটি রাত।
বরগুনায় রাত ১১টার দিকে মৃদু ঝোড়ো হাওয়া শুরু হলে লোকজন হুড়োহুড়ি করে ছুটতে থাকে আশ্রয়কেন্দ্রে।
পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদের তীরের গ্রাম রূহিতা মাধ্যমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ছোট রূহিতা গ্রামের নূরুল হক (৫৫) গতকাল মঙ্গলবার সকালে বাড়ি ফেরার পর বলেন, ‘চাইরদিক যে রহম থোম (থমথমে) দিয়া রইছিল, হ্যাতে মনে অইছেলো বড় একটা বইন্না অইবে। হেই জন্য ভয়তে বউ-বাচ্চা লইয়্যা আশ্রয়কেন্দ্র গ্যাছালাম। হারারাইত ভয়ে কেউ ঘুমাইতে পারি নায়। যিউক কষ্ট অইলেও বইন্নাডা ফিইর্যাল গ্যাছে এইডাই মোগো স্বস্তি।’
এদিকে গতকাল সকাল থেকে বরিশালসহ এই অঞ্চলের সর্বত্র থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে।
পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ গতকাল নিজ বাড়িতে ফিরতে শুরু করে। তবে মানুষের দুর্যোগের আতঙ্ক এখনো কাটেনি। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার অভ্যন্তরীণ নদীপথে যাত্রীবাহী লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ রয়েছে।
ঘূর্ণিঝড় মোরা মোকাবিলায় সোমবার জেলার ৩৩১টি ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়।
এদিকে গতকাল সকাল ১০টার দিকে পায়রা নদীর পারে চরখালী গ্রামে গিয়ে দেখা যায়, খুব ভোরেই আশ্রয় নেওয়া মানুষজন বাড়ি ফিরে গেছে।
এলাকার নয়ন মাঝি জানান, সিডরে এই এলাকার বহু মানুষ মারা গিয়েছিল। তাই ঘূর্ণিঝড়ের কথা শুনলেই মানুষ আঁতকে ওঠে। চলে আসে আশ্রয়কেন্দ্রে। তবে এখানকার লোকজন বাড়ি ফিরলেও তাদের আতঙ্ক কাটেনি। অনেকে রাতে এখানে এসে আশ্রয় নেবে বলে জানান তিনি।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম জানান, তাঁর উপজেলার প্রায় ৯০০ লোক রাতে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছিল। তাদের সঙ্গে তাদের গবাদিপশুও নিয়ে এসেছিল। লোকজন রাতেই আশ্রয়কেন্দ্রে চলে এসেছিল। সকালে আবার চলে গেছে। তাই আশ্রয় নেওয়া মানুষদের রাতে ও সকালে শিশুদের খাবার দেওয়া হয়েছে। দুপুরে লোকজন আসছে, তাদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে।
সোমবার রাতে জেলার উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে ২০ হাজার ২০৫ জন নারী-শিশু-পুরুষ আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় মোরায় জেলায় কোথাও কোনো ক্ষতি হয়নি।
ভোলায় গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে সূর্যের দেখা মেলে। ঘূর্ণিঝড়ের আতঙ্কে ভোলার সাত উপজেলার কয়েক লাখ মানুষের নির্ঘুম রাত কেটেছে।
ভোলা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জানান, দুর্যোগ–পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সোমবার দুপুরের পর থেকে তাদের স্বেচ্ছাসেবী কর্মীদের প্রস্তুত রাখা হয়। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত হালকা বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কোথাও কোনো ক্ষতি হয়নি।
ঝালকাঠিতে ঘূর্ণিঝড় মোরার প্রভাবে গতকাল সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। পাশাপাশি হালকা বাতাসও ছিল। এটি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, বরিশাল, ভোলা, পটুয়াখালী প্রতিনিধি এবং ঝালকাঠি সংবাদদাতা