নির্জন ঢাকায় বর্ণিল প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাখির এমন ওড়াউড়ি এই শহরে খুব একটা চোখে পড়ে না। করোনাকালে দেখা মিলল পাখির এমন ওড়াউড়ি। ছবি: লেখক
পাখির এমন ওড়াউড়ি এই শহরে খুব একটা চোখে পড়ে না। করোনাকালে দেখা মিলল পাখির এমন ওড়াউড়ি। ছবি: লেখক

ঢাকা শহর বা নগরী আমাদের কাছে যান্ত্রিক নগরী হিসেবে খ্যাত। কিন্তু বর্তমান সময়ে করোনা নামের ভাইরাসের মহামারি রোধে প্রায় কয়েক কোটি মানুষের বসবাসের অনুপযোগী সেই নগরে প্রাণ ফিরতে শুরু করেছে। অধিকাংশ মানুষ ভাইরাস মোকাবিলায় যান্ত্রিক শহর থেকে বিরতি নিয়ে গ্রামের নৈসর্গিক অরণ্যে অবস্থান করছে। এর ফলে একদিকে দূষিত নগর ফিরে পাচ্ছে তার চিরাচরিত সেই নির্মল রূপ, পাশাপাশি পাখিরা মুক্ত স্বচ্ছ হাওয়ায় উড়ে চলেছে এক অপরূপ নিপুণতায়।

 রুদ্ধ এই শহরে ফিরেছে হাজারো পাখির কলরব।

আজ চারদিকে শব্দের অসহ্য আর্তনাদ নেই, প্রকৃতি হচ্ছে অভিশাপমুক্ত। পাখির ডাকে ঘুম ভেঙে যাওয়াটা যান্ত্রিক জীবনে যখন একদম বিলুপ্ত হতে যাচ্ছিল, তখনই প্রকৃতির মহিমায় আবার শোনা যাচ্ছে পাখির প্রাণবন্ত কলরবের সুর। এই শহর কখনো যে তার প্রাণোচ্ছল রূপে ফিরবে, কেউ কল্পনাতেও আনতে পারেনি। প্রকৃতিরও সুস্থ এবং সৌন্দর্যের একটি গল্প থাকে, বলা চলে রুদ্ধশ্বাসে হাঁপিয়ে উঠেছিল সেই গল্প কিন্তু এখন তার অভিশাপ লাঘব করে প্রকৃতি ফিরছে আপন রূপে।

সৃষ্টির সবকিছুরই ভালো বা মন্দ দিক আছে, তাই একদিকে মহামারি পরোক্ষভাবে বিপর্যয় ঘটিয়ে চলেছে, অন্যদিকে প্রকৃতি তার রূপ ফিরে পেয়ে দিচ্ছে তার সৌন্দর্য এবং স্বচ্ছতার আশীর্বাদ।

সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা হোক, তাঁর সৃষ্টির সেরা জীবজগৎকে তিনি রক্ষা করুন। অবশ্যই তিনি যা কিছু করেন সবার ভালোর জন্যই করেন।

আশা করি পরিবেশ আবারও স্বাভাবিক হবে। আমরা প্রকৃতির আশীর্বাদে আবার জীবন চলাচল স্বাভাবিক নিয়মে করব। আবার সবার দেখা হবে সুস্থ এক বর্ণিল নগরীতে, এই প্রত্যাশা।

*লেখক: শিক্ষার্থী ফার্মেসি বিভাগ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ