নির্দলীয় নির্বাচনে সবই হচ্ছে দলীয়ভাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারের প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় হওয়ার কথা। কিন্তু বাস্তবের চিত্র ভিন্ন। এই নির্বাচনের সবকিছুই হচ্ছে দলীয়ভাবে। 
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রে একই দৃশ্য দেখা গেছে। 
স্থানীয় সরকারের এই নির্বাচনে রাজনৈতিক দলগুলো তাদের দলীয় প্রতীক ব্যবহার করতে পারছে না। এর বাইরে তারা মেয়র ও কাউন্সিলর পদে একক প্রার্থী দেওয়াসহ নির্বাচনকেন্দ্রিক সব কাজ করছে জাতীয় নির্বাচনের আদলে। প্রচারও চলছে দলীয়ভাবে। 
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেভাবে সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে, সেটা নির্বাচনী বিধির লঙ্ঘন। এভাবেই যদি নির্বাচন করতে হয়, তা হলে আইনে সংশোধনী আনাই ভালো। 
নির্বাচন নিয়ে কাজ করা ইলেকশন ওয়ার্কিং গ্রুপের পরিচালক আব্দুল আলীম প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক দলগুলো নানাভাবে অনেকটা সরাসরি ভূমিকা পালন করছে। যদি এ নির্বাচনকে প্রকৃত অর্থে অরাজনৈতিক রাখা না যায়, তাহলে ভবিষ্যতে এর বৈশিষ্ট্য নিয়ে এখন থেকে ভাবা দরকার। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ১ এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার পক্ষে মত দেন। তিনি বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া এবং তার মধ্যে দিয়ে নির্বাচন করা জরুরি। এ ক্ষেত্রে আইন সংশোধন করা উচিত। 
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। 
আইন অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেওয়ার সুযোগ না থাকলেও রাজনৈতিক দলগুলো কোনো রকম রাখঢাক ছাড়াই দলীয়ভাবে প্রার্থী ঠিক করে প্রচার শুরু করেছে। 
তফসিল ঘোষণার আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঢাকা উত্তরে ব্যবসায়ী নেতা আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে মেয়র পদে প্রার্থী করার কথা আলোচনা করে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। 
পরে আনিসুল হক ও সাঈদ খোকন গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে দেখা করেন। তাঁরা বের হওয়ার সময় মেয়র পদে নিজেদের প্রার্থিতার কথা জানান। 
এরপর গণভবনে আওয়ামী লীগের এক সভায় ওই দুজনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ছাড়া দলীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত কয়েকজন নেতা গত সপ্তাহে ওয়ার্ড কাউন্সিলর পদেও দলীয়ভাবে প্রার্থী ঠিক করে তাঁদের নাম ঘোষণা করেন। পাশাপাশি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনলেও অনেককে ‘জোর করে’ প্রার্থিতা প্রত্যাহার করিয়ে নেওয়া হয়। এর মধ্যে কেউ কেউ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 
বিএনপি প্রথমে ঢাকা উত্তরে ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুকে দলের সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাঁর প্রার্থিতা বাতিল হওয়ায় ছেলে তাবিথ আউয়ালকে মেয়র পদে সমর্থন দেয় দলটি। দক্ষিণে বিএনপি সমর্থন দিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে (মির্জা আব্বাস)। 
আওয়ামী লীগের মতো বিএনপিও সিটি করপোরেশনের প্রায় সব কটি ওয়ার্ডে দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে চট্টগ্রামে কিছু ওয়ার্ডে জাতীয় নির্বাচনের মতো শরিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতা করেছে দলটি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পয়লা বৈশাখে নয়াপল্টনে এক অনুষ্ঠানে দলের মেয়র প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। 
বড় দুই দলের বাইরে আরও কয়েকটি রাজনৈতিক দল দলীয় সমর্থন দিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছে। এখন দলগুলো নির্বাচনে জয়ের জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে। সব পক্ষের প্রচারে দলের বড় বড় নেতারা অংশ নিচ্ছেন। 
সুশাসনের জন্য নাগরিক-সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে কাউকে প্রার্থিতা হতে বিরত রাখা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা নির্বাচনী আচরণ বিধির ৭৩ ধারার লঙ্ঘন। এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু রাজনৈতিক দলগুলো জোর করে প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে নির্বাচনী বিধি ভঙ্গ করছে। 
এর আগে উপজেলা পরিষদ নির্বাচনের সময়ও একই চিত্র দেখা গিয়েছিল। তখন দলীয় সভানেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লেখা চিঠিতে একক প্রার্থী দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। শুধু তা-ই নয়, কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিলে তাৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিয়ে তা গণমাধ্যমে প্রকাশ করা হবে বলেও চিঠিতে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়। ওই নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীও দলীয়ভাবে অংশ নিয়েছিল। 
এর আগে সিলেট, বরিশাল, রাজশাহী ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনও হয়েছিল বাস্তবে দলীয়ভাবে। ওই চার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থীরা মেয়র পদে জয়ী হয়েছিলেন। 
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আব্দুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা সরকারের আমলাতন্ত্রের অংশ। এ বিষয়ে তাঁদের পর্যায় থেকে কোনো সিদ্ধান্ত নেই। এটি সম্পূর্ণই রাজনৈতিক বিষয়। এ বিষয়ে মন্ত্রীরা ভালো জানবেন।