নির্দলীয় সরকার নিয়ে আগে সমঝোতা, পরে আলোচনা: মওদুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্দলীয় সরকারের বিষয়ে বিরোধী দলের সঙ্গে সরকারকে আগে সমঝোতায় আসতে হবে। তারপর সেই সরকারের কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, সরকারের সামনে দুটি পথ খোলা আছে। সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সংকটের সমাধান অথবা সংঘাত সৃষ্টি। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। স্বদেশ জাগরণ পরিষদ নামের একটি সংগঠন ‘জিয়া পরিবারের বিরুদ্ধে অপপ্রচার ও বাস্তবতা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। মওদুদ আহমদ বলেন, ‘সরকারকে বলব, সংঘাতের পথ পরিহার করে সমঝোতার পথে আসুন। সব দলের সমঝোতার মাধ্যমে নির্বাচনকালীন সরকার গঠন করুন। এতে সবারই লাভ। কিন্তু দেশকে সংঘাতের দিকে ঠেলে দিলে আওয়ামী লীগের ভয়ংকর ক্ষতি হবে।’
সাবেক এই আইনমন্ত্রী বলেন, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে জনগণ জবাব দিয়ে দিয়েছে। পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এই রায়ের মাধ্যমে জনগণ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পক্ষে মতামত দিয়েছে। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান। মহানগর বিএনপির সভা: গতকাল সকালে নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম অভিযোগ করেন, নিশ্চিত ভরাডুবি বুঝতে পেরেই সরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিভিন্ন টালবাহানা করে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা করছে। সভায় বিএনপির নেতা কাজী আবুল বাশার, বজলুল বাসিত, মকবুল আহম্মেদ আকন্দ, সামসুল হুদা, সাজ্জাদ জহির, আনোয়ারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।