নির্দলীয় সরকারের অধীনে আ.লীগ জিতলে বিএনপি অভিনন্দন জানাবে: খালেদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন সরকার নিয়ে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের প্রতি সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেছেন, বিএনপি এখন যা দাবি করছে, তা একসময় আওয়ামী লীগেরও দাবি ছিল। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন। তিনি বলেন, ‘এখনো সময় আছে। আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনুন।’ খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সব দল অংশ নেবে। তাতে যে দল জিতবে, তারাই দেশ পরিচালনা করবে। আওয়ামী লীগ জিতলে বিএনপি তাদের অভিনন্দন জানাবে। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারের দুর্নীতির খবর থাকায় সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হয়েছে। সাগর-রুনির হত্যাকারীদের ধরলে অনেক খবর বেরিয়ে আসবে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আর এ গণি, আবদুল মঈন খান, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন। ইউএনবি।