সিটি করপোরেশন নির্বাচন নির্দলীয় হলেও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগ বা বিএনপির সঙ্গে সম্পৃক্ত। দলে তাঁদের প্রায় সবারই রয়েছে পদ-পদবিও।মেয়র পদের পাঁচজন প্রার্থীর মধ্যে সদ্য সাবেক মেয়র শওকত হোসেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি। মাহমুদুল হক খান মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক। আহসান হাবিব বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সভাপতি। কামরুল আহসান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। এবায়েদুল হক জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।সাধারণ কাউন্সিলরের ৩০টি পদের ১৩৬ জন এবং ১০টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের ৪৮ প্রার্থীর অধিকাংশই দলীয় কর্মী-সমর্থক। দলীয় সূত্রগুলো জানায়, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে আওয়ামী লীগের ৫৮ জন, বিএনপির ৫০, জাতীয় পার্টির দুই, জামায়াতে ইসলামীর দুই এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির একজন প্রার্থী হিসেবে রয়েছেন। বাকিদের দলীয় পরিচয় নেই।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম বলেন, তাঁদের মূল লক্ষ্য মেয়র নির্বাচন। তাই কাউন্সিলরদের সমর্থন দেওয়ার বিষয়টি ওয়ার্ড কমিটিগুলোর ওপরই ন্যস্ত করা হয়েছে। যেসব ওয়ার্ডে এখনো আওয়ামী লীগ একক প্রার্থীকে সমর্থন জানাতে পারেনি, সেগুলোতে ওয়ার্ড কমিটিগুলোকে সম্ভব হলে একজন প্রার্থীকে সমর্থন করার দায়িত্ব দেওয়া হয়েছে।বিএনপি মেয়র ও কাউন্সিলর—সব পদেই যেকোনো মূল্যে একক প্রার্থী রাখতে দৃঢ়প্রতিজ্ঞ বলে জানালেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান। তিনি জানান, এ লক্ষ্যে তিনি মেয়র পদে দলের সমর্থিত প্রার্থী আহসান হাবিবকে সমর্থন করে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন। ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগেই ওয়ার্ডগুলোতে বিএনপি একক প্রার্থীকে সমর্থনের বিষয়টি চূড়ান্ত করতে পারবে।১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে চার প্রার্থীর একজন আওয়ামী লীগের, দুজন বিএনপির এবং একজন স্বতন্ত্র। ২ নম্বরে চার প্রার্থীর একজন জাতীয় পার্টি করেন, বাকিদের দলীয় পরিচয় নেই। ৩ নম্বরে পাঁচ প্রার্থীর মধ্যে বিএনপির চারজন, আওয়ামী লীগের একজন। ৪ নম্বরে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে প্রার্থী। ৫ নম্বরে সাতজনের মধ্যে আওয়ামী লীগের চারজন, বিএনপির একজন।৬ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে আওয়ামী লীগের একজন ও বিএনপির দুজন। ৭ নম্বরে তিনজনের মধ্যে বিএনপির এক, আওয়ামী লীগের এক এবং কমিউনিস্ট পার্টি-সমর্থক একজন। ৮ নম্বরে তিন প্রার্থীর একজন করে আওয়ামী লীগ ও বিএনপির। ৯ নম্বরে তিনজনের মধ্যে আওয়ামী লীগের একজন ও বিএনপির দুজন। ১০ নম্বরে পাঁচ প্রার্থীর একজন আওয়ামী লীগের ও দুজন বিএনপির।১১ নম্বর ওয়ার্ডে আটজনের মধ্যে আওয়ামী লীগ ও বিএনপির তিনজন করে। ১২ নম্বরে দুই প্রার্থীর একজন আওয়ামী লীগের ও একজন বিএনপির। ১৩ নম্বরে তিনজনের মধ্যে একজন জাতীয় পার্টির। ১৪ নম্বরে সাতজনের মধ্যে আওয়ামী লীগের পাঁচ, জামায়াতের একজন। ১৫ নম্বরে বিএনপির একজন। ১৬ নম্বরে পাঁচ প্রার্থীর দুজন আওয়ামী লীগের, একজন বিএনপির। ১৭ নম্বরে সাতজনের দুজন আওয়ামী লীগের, বিএনপির এক, জামায়াতের এক। ১৮ নম্বরে দুজনই বিএনপির। ১৯ নম্বরে পাঁচজনের দুজন আওয়ামী লীগের, একজন বিএনপির। ২০ নম্বরে দুজনই আওয়ামী লীগের। ২১ নম্বরে পাঁচজনের তিনজন বিএনপির। ২২ নম্বরে বিএনপির একজন। ২৩ নম্বরে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে। ২৪ নম্বরে আওয়ামী লীগ ও বিএনপির দুজন করে, জামায়াতের একজন। ২৫ নম্বরে আওয়ামী লীগ ও বিএনপির একজন করে। ২৬ নম্বরে ছয়জনের মধ্যে বিএনপির তিনজন ও আওয়ামী লীগের দুজন। ২৭ নম্বরে ছয় প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের তিন, বিএনপির দুই ও জামায়াতের একজন। ২৮ নম্বরে আওয়ামী লীগের তিনজন, বিএনপির একজন। ২৯ নম্বরে আওয়ামী লীগের দুজন। ৩০ নম্বর ওয়ার্ডে পাঁচজনের মধ্যে আওয়ামী লীগের তিনজন, বিএনপির একজন।সংরক্ষিত নারী কাউন্সিলর পদের প্রার্থীদের মধ্যে ১০ জন আওয়ামী লীগের, বিএনপির ১০ জন।