নির্দলীয় মোড়কে তাঁরাও দলীয় প্রার্থী
চাঁদপুরের মতলব পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫৫ জন। এর মধ্যে ৪৭ জনই আওয়ামী লীগ, বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ফলে কাউন্সিলর প্রার্থীদের নির্বাচন নির্দলীয় হওয়ার কথা থাকলেও তা আসলে দলীয় রূপ নেবে বলে স্থানীয় লোকজন মনে করছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে তিনটি আসনের জন্য ১১ জন এবং কাউন্সিলর পদে নয়টি আসনের জন্য ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদ মিলিয়ে ১২টি আসনের জন্য মোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৫ জন।
মতলব দক্ষিণ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং বিএনপির নেতা-কর্মীরা জানান, সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করা ১১ প্রার্থীর মধ্যে আটজনই আওয়ামী লীগের এবং বাকি তিনজন বিএনপির রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত।
এ ছাড়া কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৪৪ জনের মধ্যে ২১ জন আওয়ামী লীগের এবং ১৫ জন বিএনপির নেতা-কর্মী বা সমর্থক হিসেবে পরিচিত। বাকি আটজন প্রার্থী অরাজনৈতিক।
আওয়ামী লীগ ও বিএনপি সূত্র আরও জানায়, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৫৫ জনের মধ্যে ৪৭ জনই স্থানীয় রাজনীতির সঙ্গে কোনো না-কোনোভাবে যুক্ত।
পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রেহানা আক্তার বলেন, নির্দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও তিনি পৌর মহিলা দলের সভানেত্রী। গত নির্বাচনেও দলীয় পরিচয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারও জয়ের ব্যাপারে আশাবাদী। ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. লিয়াকত আলী সরকার জানান, কাগজে-কলমে নির্দলীয় হলেও আসলে তিনি আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত।
মতলব পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান বলেন, কাউন্সিলর পদে নির্দলীয় ব্যানারে তাঁদের সংগঠনের অনেক নেতা-কর্মী মনোনয়নপত্র দাখিল করেছেন। ভেতরে ভেতরে তাঁরা সবাই দলীয়। দলীয় প্রার্থীদের নির্বাচনে জয় পেতে সুবিধা হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনুন নাহার কাদ্রি বলেন, ‘নির্বাচনে নির্দলীয় প্রার্থী বলতে কিছু নেই। প্রায় সবাই রাজনৈতিক প্রার্থী। রাজনৈতিক প্রার্থীরা নির্দলীয় হিসেবে ভোট করলেও শেষ পর্যন্ত তাঁরা দলীয় সুবিধাটাই নেন।’