নির্দলীয় সরকার করে নির্বাচন চায় গণফোরাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচন ‘অগ্রহণযোগ্য ভোটারবিহীন নির্বাচন’ বলে মন্তব্য করেছে গণফোরাম। দলটি অবিলম্বে জাতীয় সংলাপের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

গতকাল মঙ্গলবার গণফোরামের স্থায়ী পরিষদের সভায় দলের নেতারা এ দাবি জানান। তাঁরা বলেন, ভোটকেন্দ্রে ভোটারের অস্বাভাবিক অনুপস্থিতি, ৪২টি ভোটকেন্দ্রে একজন ভোটারও উপস্থিত না হওয়ার মধ্য দিয়ে এই নির্বাচনের প্রতি চরম অনাস্থা প্রকাশ করে নির্বাচন প্রত্যাখ্যান করেছে মানুষ।

গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দলের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী। বক্তৃতা করেন দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন, এস এম আলতাফ হোসেন প্রমুখ।

নতুন নির্বাচন দাবি বাম মোর্চার: গতকাল এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচন বাতিল করা ও সব গণতান্ত্রিক দলের অংশগ্রহণে নতুন নির্বাচনের প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা।