বিএনপির দাবি, এখন আর তত্ত্বাবধায়ক সরকার নয়। তারা এখন নির্দলীয় সরকারব্যবস্থা চায়। তবে এ বিষয়ে তারা কোনো প্রস্তাব দেবে না। প্রস্তাব সরকারকেই দিতে হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার গতকাল শনিবার সন্ধ্যায় বিবিসি বাংলাদেশ সংলাপে এ কথা বলেছেন। রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলা সার্ভিস ও বিবিসি মিডিয়া অ্যাকশন এই সংলাপের আয়োজন করে। সংলাপে এম কে আনোয়ার বলেন, ‘আমাদের এখনকার দাবি তত্ত্বাবধায়ক সরকার নয়। আমাদের দাবি নির্দলীয় সরকার।’ এই প্রস্তাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, তত্ত্বাবধায়ক সরকার চান না। নির্দলীয় সরকার চান। তবে এ বিষয়ে সুস্পষ্ট প্রস্তাব দিয়ে দেন।জবাবে এম কে আনোয়ার বলেন, ‘প্রস্তাব দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তত্ত্বাবধায়কব্যবস্থা তো সরকার ধ্বংস করেছে। সুতরাং প্রস্তাব সরকারকেই দিতে হবে। এ জন্য বিরোধী দল সংলাপে বসতে প্রস্তুত। তার আগে সরকারকে সংলাপের পরিবেশ তৈরি করতে হবে।’ জবাবে মেনন বলেন, বিএনপির এখনকার আন্দোলন নির্দলীয় সরকারের জন্য নয়। তারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলন করে যাচ্ছে। অনুষ্ঠানের শুরুতে সংলাপের সঞ্চালক আকবর হোসেন বলেন, বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় সংখ্যালঘু নির্যাতন নতুন মাত্রা হিসেবে যোগ হয়েছে। এ বিষয়ে আমন্ত্রিত আলোচকেরা বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে তাঁরা বিদ্যমান সমস্যার সমাধানে জাতীয় সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচক ও উপস্থিত দর্শকের বেশির ভাগ হরতাল গণতান্ত্রিক অধিকার বলে তা নিষিদ্ধ না করার পক্ষে মত দেন। রাশেদ খান মেনন তদন্ত কমিশন গঠনের আগে সংখ্যালঘু নির্যাতন যাতে বন্ধ হয়, সে জন্য রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি এককভাবে শুধু ফৌজদারি বিষয় নয়, এটি রাজনৈতিকও। বিচার বিভাগীয় তদন্ত বা ফৌজদারি তদন্ত লম্বা সময়ের ব্যাপার। তার আগে রাজনৈতিকভাবে সংখ্যালঘুদের সুরক্ষা দিতে হবে।তবে এম কে আনোয়ার বলেন, সংখ্যালঘুদের ওপর আক্রমণের ঘটনা রাজনৈতিক নয়। এটিকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। এটি নিরেট ফৌজদারি অপরাধ। এতে যদি বিএনপি বা জামায়াতের কেউ জড়িত থাকে, তাদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলা প্রসঙ্গে পুলিশের সাবেক মহাপরিদর্শক মুহাম্মদ নুরুল হুদা বলেন, পুলিশের ওপর আক্রমণ করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে। আক্রমণকারীরা মনে করছে, এতে সরকার নড়বড়ে হয়ে যাবে। রাজনীতিতে এমনটা আগে কখনো দেখা যায়নি। এম কে আনোয়ার বলেন, পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে বিদ্যমান পরিস্থিতির সৃষ্টি হতো না। মেনন বলেন, পুলিশের ওপর আক্রমণ করে জামায়াত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তারা রাষ্ট্রীয় স্থাপনায় আক্রমণ চালাচ্ছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসীন বলেন, অতীতে সব দলই পুলিশকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করেছে। সেই অবক্ষয়ের ধারাবাহিকতায় আজকের পরিস্থিতির উদ্ভব হয়েছে। সরকার তত্ত্বাবধায়কব্যবস্থার দাবি মেনে নিলে সরকারের সঙ্গে বিরোধী দলের দূরত্ব কমবে বলেও তিনি মন্তব্য করেন।