নির্দলীয় সরকার নিয়ে আলোচনা হলে বিএনপি এখনই সংলাপে বসবে

এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে সংলাপের জন্য সুনির্দিষ্ট তারিখ ও নির্দলীয় সরকার নিয়ে আলোচনা হবে জানানো হলে বিএনপি এখনই সংলাপে বসতে প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, হরতাল সংলাপের ক্ষেত্রে বাধা হতে পারে না। বিএনপি সমঝোতা-সংলাপের জন্য আন্তরিক। সরকারকে এ বিষয়ে আন্তরিকতার সঙ্গে উদ্যোগ নিতে হবে।
ফখরুল আরও বলেন, সরকার সংলাপ নিয়ে ধূম্রজাল ও বিভ্রান্তির সৃষ্টি করছে। প্রধানমন্ত্রীর বক্তব্য সমঝোতার রাস্তা বন্ধ করে দিচ্ছে। এটি হলে আন্দোলন ছাড়া বিএনপির হাতে কোনো রাস্তা থাকবে না।
সরকারের আন্তরিকতা নিয়ে তিনি অভিযোগ করে বলেন, সরকার আসলে চায় না আলোচনা হোক। বিরোধী দলকে বাইরে রেখেই তারা নির্বাচন করতে চায়। এ সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। তারা জোর করে ক্ষমতায় থাকছে।
সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশে হরতাল পালিত হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল। তবে তিনি অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।
হরতাল ঘিরে বিএনপির কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিপরীত দিকে রাখা হয়েছে র্যাব সদস্যদের। কার্যালয়ের ভেতরে মির্জা ফখরুল ছাড়াও রয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ প্রমুখ।