নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশে বলেছেন, ‘যে কারাগারে আমাদের নেতা-কর্মীরা আছে সেই কারাগারে শিগগিরই আপনারা যাবেন। দিন বেশি বাকি নেই। সামনে কঠোর থেকে কঠোরতর আন্দোলন হবে। নির্দলীয় সরকারের দাবি প্রতিষ্ঠা করেই এই দেশে নির্বাচন হবে।’ নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে গতকাল শুক্রবার ছাত্রদলের এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ছাত্রদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ কারাগারে বন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। কর্মসূচি অনুযায়ী ২৫ জুন সব জেলা শহরে, ২৬ জুন দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে এবং ২৭ জুন দেশের সব বিভাগীয় শহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করবে ছাত্রদল।প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম। আমিরুজ্জামান শিমুল সভা পরিচালনা করেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ।