চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় বের করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। আর নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাবেক নেতারা বৈঠক করেন।২৫ সদস্যবিশিষ্ট ব্যবসায়ী দলের নেতৃত্ব দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএর সাবেক সভাপতি জি এম ফজলুল হক, বায়রার সাবেক সভাপতি আবুল কাশেম, ব্যবসায়ী নেতা কামারউদ্দিন আহমেদ, খোরশেদ আলী মোল্লা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার প্রমুখ।ব্যবসায়ীরা দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, হরতাল কম দেওয়া যায় কি না এবং দাবি আদায়ে বিকল্প কিছু করা যায় কি না। খালেদা জিয়া বিষয়টি ভাববেন বলে ব্যবসায়ীদের জানান।খালেদা জিয়া ব্যবসায়ীদের বলেন, ‘দেশ যেদিকে যাচ্ছে তাতে পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই।’