নির্দলীয় সরকারের বিকল্প নেই: খন্দকার মাহবুব
বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই এবং এর প্রধানকে অবশ্যই নির্দলীয় হতে হবে। এ বাস্তবতা স্বীকার করে বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রকে অব্যাহত রাখতে পদত্যাগ করে একটি মহান পদক্ষেপ নিলে দেশবাসীর কাছে অবশ্যই প্রশংসনীয় হবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বার কাউন্সিল মিলনায়তনে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্বৈরশাসন কায়েম করে কেউ কখনো ক্ষমতায় থাকতে পারেননি; বরং করুণ পরিণতি নিয়ে বিদায় নিতে হয়েছে। আমরা আশা করব, এই অশুভ পথে প্রধানমন্ত্রী অগ্রসর হবেন না এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে দেশকে বর্তমান সংঘাতময় অবস্থা থেকে রক্ষা করবেন।’
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হলে ক্ষমতাসীন দলকে ছাড় দিতে হবে। সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী, সদস্য মাহবুব উদ্দিন খোকন, গোলাম মোস্তফা খান, মো. সানাউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।