নির্দিষ্ট জায়গা নেই, যত্রতত্র আবর্জনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাই যেখানে-সেখানে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। সেগুলো সরানোও হয় না। দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশকে করছে বিপন্ন—এই চিত্র রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের।সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের নবনির্মিত ভবনের পাশের একটি পরিত্যক্ত ভবনের নিচে ও এর পাশে পড়ে আছে হাসপাতালের বর্জ্য। হাসপাতালের চত্বরে কলেজের পাশে একটি ভাগাড় থাকলেও সেটি ভাঙা। সেখানে এখন আর ময়লা ফেলা হয় না। ফলে হাসপাতালের চারদিকের নর্দমাগুলো এখন ভাগাড়ে পরিণত হয়েছে। এতে স্বাভাবিকভাবে পানি প্রবাহের ব্যাঘাত ঘটছে। ময়লা জমতে জমতে এসব স্থান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পাখিরা এসব বর্জ্য হাসপাতালের বিভিন্ন স্থানে ছড়াচ্ছে। এ ছাড়া হাসপাতালের বিভিন্ন তলা থেকে জানালা দিয়ে ময়লা ফেলায় মানুষের চলাচল ব্যাহত হচ্ছে।হাসপাতাল সূত্র জানায়, প্রতিদিন আনুমানিক এক হাজার ২০০ রোগী হাসপাতালে চিকিৎসা নেন। এ ছাড়া বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন দুই থেকে আড়াই হাজার মানুষ। তাঁদের সঙ্গে থাকেন স্বজনেরা। নানা ধরনের বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট কোনো জায়গা পান না তাঁরা। ফলে যেখানে সুযোগ পান, সেখানেই ফেলে রাখেন এসব আবর্জনা।হাসপাতালের পেছনে খোলা জায়গায় ময়লা ফেলার সময় হাসিবুল ইসলাম নামের এক রোগী বলেন, ‘নির্দিষ্ট কোনো জায়গা খুঁজে পেলাম না, তাই এখানে ফেলছি।’ চতুর্থ শ্রেণীর কর্মচারী ওয়াহেদ মিয়া বলেন, উপায় না পেয়ে সবাই এসব খালি জায়গায় ময়লা ফেলে। ইউনুস আলী নামের এক চিকিৎসক বলেন, ময়লা ফেলা হলেও তা জরুরি ভিত্তিতে অপসারণ করা উচিত।মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আলেয়া বেগম বলেন, ভাগাড় ও এর ব্যবহারের দিকনির্দেশনা থাকা জরুরি হয়ে পড়েছে। আর তা না হলে পরিবেশ বিপন্ন হয়ে উঠবে।হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, হাসপাতালের চত্বরে কয়েকটি ভাগাড় রাখা রয়েছে। ময়লা সেখানে না ফেলে যেখানে-সেখানে ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে।