নির্দিষ্ট জেলার পুলিশের ধারণা তারা সবকিছুর ঊর্ধ্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, পুলিশের ভেতরে কোনো রকম ‘চেইন অব কমান্ড’ কাজ করছে বলে মনে হয় না। বিশেষ করে যখন একটি নির্দিষ্ট জেলার পুলিশ আসামির দায়িত্বে থাকে এবং তাদের ধারণা সৃষ্টি হয়, তারা যেন সবকিছুর ঊর্ধ্বে। আইন যেন তাদের স্পর্শ করতে পারবে না। তাদের ঊর্ধ্বতন যেসব কর্মকর্তা রয়েছেন, তাঁদের নির্দেশও যেন তাদের জন্য পালনযোগ্য নয়।
পুলিশের গুলিতে আহত নাফিজ সালামকে (৩২) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখার পর উপস্থিত সাংবাদিকদের মিজানুর রহমান এসব কথা বলেন। ‘সেই নির্দিষ্ট জেলা কোনটি’—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেই জেলার নাম আপনারা সবাই জানেন। সেটার নাম বলার প্রয়োজন পড়ে না। আপনারা অনেক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, আপনারা জনেন কখন কিসের নাম ব্যবহার করা হয়।’
আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বক্তব্য দিচ্ছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন—এক সাংবাদিকের এ প্রশ্নে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে চাই, যদি এ ব্যাপারে আশু কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তবে জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ অনুসারে এসব ঘটনার বিবরণসহ রাষ্ট্রপতির কাছে প্রেরণ করব। রাষ্ট্রপতি যদি মনে করেন, তবে তিনি এসব জাতীয় সংসদে উত্থাপন করবেন।’
নাফিজের পরিবার সাংবাদিকদের জানায়, নাফিজ গত ১৭ অক্টোবর বাদ জুমা মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি মসজিদের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একদল যুবক সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিলেন। পুলিশ মিছিলটিকে ধাওয়া করে। নাফিজ ভয় পেয়ে দৌড় দেন। পুলিশ মিছিল লক্ষ্য করে গুলি চালালে নাফিজ গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পুলিশ তখন খুব কাছ থেকে আবারও তাঁকে গুলি করে।
ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় পুলিশের প্রাথমিক তথ্য বিবরণীতে নাফিজকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের সদস্য উল্লেখ করা হয়েছে।