নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে ঠিকাদারদের নির্দেশ মেয়রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খাল, নালা-নর্দমার মাটি ও আবর্জনা অপসারণের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। নির্ধারিত সময়ের মধ্যে যাঁরা কাজ শেষ করতে পারবেন না, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
গতকাল সোমবার বিকেলে সিটি করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে নগরের নালা-নর্দমা ও খালগুলোর মাটি উত্তোলনের কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের সঙ্গে বৈঠক করেন মেয়র। বৈঠকে ঠিকাদারেরা ছাড়াও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে মেয়র বলেন, নগরবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করার জন্য এবার সবগুলো খাল থেকে মাটি উত্তোলন করার কর্মসূচি নেওয়া হয়েছে। খাল ও নালা-নর্দমার পানির ধারণক্ষমতা বৃদ্ধি করে জলাবদ্ধতার মাত্রা কমিয়ে আনা সম্ভব।
বৈঠকে উপস্থিত থাকা সিটি করপোরেশনের এক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, নগরের পানিনিষ্কাশনের প্রধান মাধ্যম চাক্তাই খালের খননকাজ এপ্রিলের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন মেয়র। এ জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে ঠিকাদারদের নির্দেশ দেন তিনি। সিটি করপোরেশন এবার দুই মাসের মধ্যে নগরের ৬০ কিলোমিটার খাল ও ১০০ কিলোমিটার নালা-নর্দমার খনন ও পরিষ্কার করার কাজ শেষ করতে চায়। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৬ কোটি ৯৩ লাখ টাকা। করপোরেশনের নিজস্ব তহবিল থেকে এই অর্থ ব্যয় করা হবে। গত মাসের মাঝামাঝি খাল খননের কাজ শুরু হয়।