নির্দিষ্ট সময়ে নিয়োগ হয়নি
নির্দিষ্ট সময়ের মধ্যে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নিরাপত্তাপ্রহরী নিয়োগ হয়নি। সরকারি পরিপত্র অনুযায়ী গত ৯ জানুয়ারির মধ্যে এ নিয়োগ শেষ করার কথা ছিল।বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় গত ৯ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুক্তিভিত্তিক দপ্তরি কাম নিরাপত্তাপ্রহরী পদে জনবল নিয়োগের জন্য পরিপত্র জারি করে। এতে সব প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করার কথা বলা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের আড়াই মাস অতিবাহিত হলেও এই প্রক্রিয়া শেষ হয়নি।রাঙ্গুনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, বিধিমোতাবেক রাঙ্গুনিয়া উপজেলার ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নিরাপত্তাপ্রহরী নিয়োগের সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে প্রতিটি বিদ্যালয়ের জন্য এ পদে পরীক্ষাও হয়। কিন্তু এখনো নিয়োগ হয়নি।রাঙ্গুনিয়ার ইউএনও তানভীর আজম সিদ্দিকী বলেন, পরিপত্রে সংশ্লিষ্ট উপজেলার সাংসদের পরামর্শক্রমে নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন করার বিধান রয়েছে। পরীক্ষার পর প্রতিটি বিদ্যালয়ের জন্য তিনজনকে মনোনীত করে পরিবেশ ও বনমন্ত্রীর বরাবর অনুমোদনের জন্য পাঠানো হয়। অনুমোদন-প্রক্রিয়া শেষ হলে নিয়োগপত্র পাঠানো হবে।সৈয়দবাড়ি বেগম ইকবাল জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফুর বলেন, বিদ্যালয়ে দপ্তরি না থাকায় অনেক কাজ করা কঠিন হয়ে পড়েছে। তাই এই পদে লোক নিয়োগ করা জরুরি।চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, আড়াই মাস অতিবাহিত হওয়ার পরও নির্বাচিত বিদ্যালয়গুলোয় দপ্তরি কাম নিরাপত্তাপ্রহরী নিয়োগ না হওয়ার বিষয়ে খোঁজ নেওয়া হয়েছে। শিগগিরই এই কাজ শেষ হবে।