নির্দিষ্ট সময়েই কোরবানির বর্জ্য অপসারণের দাবি

নির্দিষ্ট সময়ে কোরবানির বর্জ্য অপসারণে সক্ষম বলে প্রতিবছর দাবি করে দুই সিটি করপোরেশন৷ কিন্তু তাদের এই দাবি যৌক্তিক নয়৷ ঈদের তিন দিন পরও অনেক সড়কে পশুর রক্ত ও বর্জ্য পড়ে থাকতে দেখা যায়৷ এতে নাকে দুর্গন্ধ লাগে, জনদুর্ভোগের সৃষ্টি হয়।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে নাগরিক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আবদুল মতিন৷ ‘যত্রতত্র পশুর হাট বন্ধ ও সুনির্দিষ্ট জায়গায় কোরবানি করা এবং কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করার দাবিতে’ এ সমাবেশের আয়োজন করে বাপা৷
সমাবেশে আবদুল মতিন বলেন, কোরবানির পশু জবাই করতে জায়গা নির্ধারণ করে দিয়েছে সিটি করপোরেশন৷ এই জায়গা পর্যাপ্ত না হলে তা আরও বাড়াতে হবে৷ যত্রতত্র পশু কোরবানি বন্ধ করতে হবে। সিটি করপোরেশনকে প্রয়োজনে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে দ্রুত কোরবানির বর্জ্য পরিষ্কার করতে হবে৷
বাপার যুগ্ম সম্পাদক মিহির বিশ্বাস বলেন, ‘ঢাকার দুই সিটি করপোরেশন থেকে বলা হয়েছে ৪৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। আশা করি এবার সিটি করপোরেশন কর্তৃপক্ষ বর্জ্য অপসারণে দ্রুত কাজ করবে৷’ আদি ঢাকাবাসী ফোরামের সদস্যসচিব জাভেদ জাহান বলেন, সিটি করপোরেশনের ঘোষণার বাইরেও যত্রতত্র কোরবানির পশু জবাই করা হয়। এ ছাড়া পশুর হাটে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে পশু বিক্রি করা হচ্ছে। বিষয়টি দেখভালের জন্য সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে হবে৷
সমাবেশে সাত দফা দাবি জানানো হয়৷ দাবিগুলো হলো সব ঢাকা মহানগরীতে সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশুর হাট নিশ্চিত করা৷ যেখানে-সেখানে পশুর হাট বসানো সম্পূর্ণ বন্ধ করা৷ দিন শেষে পশুর হাটের সম্পূর্ণ বর্জ্য নিয়মিত অপসারণের ব্যবস্থা নিশ্চিত করা৷ নির্ধারিত স্থানে কোরবানি করতে জনসচেতনতা সৃষ্টি ও তা বাস্তবায়ন নিশ্চিত করা। কোরবানির পর অবিলম্বে ও দ্রুততার সঙ্গে পড়ে থাকা পশুর বর্জ্য অপসারণ করা৷ সিটি করপোরেশনের আর্থিক, জনবল, যানবাহনসহ সার্বিক সক্ষমতা বাড়াতে হবে৷ বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আহসান হাবিব, বাপার যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, পুরান ঢাকার অন্যতম সংগঠক নাজিম উদ্দীন, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের নেতা আশরাফ আমিরুল্লাহ ও ঢাকা যুব ফাউন্ডেশনের নেতা ইমরান হোসেন প্রমুখ বক্তব্য দেন৷