গুলিস্তান ও আশপাশের এলাকা দিনের বেলা হকারমুক্ত রাখতে গতকাল বৃহস্পতিবার টানা পঞ্চম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। গতকালও উচ্ছেদ অভিযানের পরই পণ্যের পসরা নিয়ে আগের মতোই বসে পড়েন হকাররা। তবে এমন হকারের সংখ্যা ছিল কম।
গুলিস্তান এলাকায় কিছু হকার থাকলেও পল্টন, মতিঝিল, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা ও আশপাশের এলাকায় গতকাল হকার ছিল না বললেই চলে। এতে এসব এলাকার অধিকাংশ ফুটপাতই ছিল ফাঁকা। স্বাচ্ছন্দ্যে চলাচল করেছেন পথচারীরা। তবে বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি অব্যাহত রেখেছে হকারদের বিভিন্ন সংগঠন৷
গত রোববার থেকে সাপ্তাহিক কর্মদিবসে গুলিস্তান ও আশপাশের এলাকায় সন্ধ্যা সাড়ে ছয়টার আগে হকার বসা নিষিদ্ধ করে ডিএসসিসি। কিন্তু হকাররা সেই নিষেধ না মানলে রোববার থেকে গতকাল পর্যন্ত অভিযান চালাচ্ছে সংস্থাটি। ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের ফুটপাত পথচারীবান্ধব করতে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ইতিমধ্যে গুলিস্তানসহ আশপাশের এলাকাগুলো থেকে সব হকার উচ্ছেদ করা হয়েছে। এভাবে ফুটপাত থেকে হকারের সংখ্যা শূন্যে নেমে যাবে। তিনি বলেন, আগামী রোববার থেকে নির্দিষ্ট সময়ের আগে হকারদের ফুটপাতে বসতে দেওয়া হবে না। কেউ নির্দেশ অমান্য করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল সরেজমিনে দেখা যায়, সকাল আটটার পরপরই গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম ও পুরানা পল্টন এলাকায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে ফুটপাতে বসেছেন অর্ধশতাধিক হকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হকারদের সংখ্যা বেড়ে শতাধিকে দাঁড়ায়। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সকাল থেকে গুলিস্তান ও ফুলবাড়িয়ায় যানজটের সৃষ্টি হয়।
বেলা ১১টায় গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএসসিসি। কিন্তু উচ্ছেদের আগাম খবর পেয়ে মিনিট দশেকের মধ্যেই অধিকাংশ হকার মালামাল নিয়ে দ্রুত চলে যান। তবে তাঁদের ব্যবহৃত আসবাব পে-লোডার দিয়ে ভেঙে দেওয়া হয়। বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররমের পশ্চিম পাশের সড়ক, পুরানা পল্টন মোড়, দৈনিক বাংলা, মতিঝিলে অভিযান চালানো হয়। এই এলাকাগুলোর ফুটপাতে তেমন কোনো হকার ছিল না। এসব এলাকায় ঘুরেফিরে অভিযান চলে বিকেল চারটা পর্যন্ত। তবে অভিযান শেষ হওয়ার ১০ থেকে ১৫ মিনিট পরই গুলিস্তানে আবার মালামাল নিয়ে বসে পড়েন হকাররা৷ ফলে আগের মতোই এসব এলাকায় সৃষ্টি হয় যানজট আর পথচারীদের ভোগান্তি।
বিকেল সাড়ে চারটায় গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্রের সামনের ফুটপাত দিয়ে হেঁটে পুরানা পল্টনে যাচ্ছিলেন নবাবপুরের বাসিন্দা তাফাজ্জাল ইসলাম।
গতকাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরদার৷ তিনি প্রথম আলোকে বলেন, টানা অভিযানের ফলে এখন ফুটপাতে হকার নেই বললেই চলে।
হকারদের সমাবেশ
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে গতকালও জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে জাতীয় সম্মিলিত হকার্স জোট৷ সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার আহ্বান জানান৷