নির্দিষ্ট স্থানে কোরবানি, সাড়া মেলেনি

প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেওয়ার জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে তেমন সাড়া মেলেনি। অধিকাংশ রাজধানীবাসীই বাসার পাশে খালি জায়গায় বা সামনের রাস্তায় পশু কোরবানি দিয়েছেন।
নির্দিষ্ট স্থানে কোরবানি দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরের অধিকাংশ বাসিন্দা। আর এবারের উদ্যোগে নগরবাসী যতটুকু সাড়া দিয়েছেন, তাতে সন্তুষ্ট দুই সিটি করপোরেশনের মেয়ররা।
গত শুক্রবার ঈদুল আজহার দিন রাজধানীর মগবাজার, মালিবাগ, কমলাপুর, খিলগাঁও, নয়াপল্টন, পুরানা পল্টন, সেগুনবাগিচা, আজিমপুর, সাতমসজিদ রোড, গ্রিন রোড, ফার্মগেটসহ বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বেশির ভাগ ‘নির্ধারিত’ স্থানে কোরবানির পশু জবাই হয়নি। তবে গ্রিন রোডে নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করা হয়। সেই সংখ্যাও ছিল হাতে গোনা।
নির্ধারিত স্থানে কেন কোরবানি করছেন না—জানতে চাইলে মগবাজারের শামসুদ্দিন নামের একজন ব্যবসায়ী বলছেন, ‘কোরবানি করার জায়গা কোথায়, সেটাও জানি না। কাছে হলে নিশ্চয়ই জানতাম। তবে সিটি করপোরেশনের এই উদ্যোগ অনেক ভালো। হয়তো ভবিষ্যতে সবাই মানবে।’
মধুবাগে মাওলানা আরিফুর রহমান বলেন, ‘মধুবাগ মাঠে কোরবানি করার নির্ধারিত জায়গা। সকাল থেকে সেখানে কেউ যায়নি। তারপর আমি অন্য জায়গায় গিয়ে পশু কোরবানি শুরু করছি।’
আজিমপুর এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তার ওপর শামিয়ানা টানিয়ে চামড়া কেনাবেচা চলছে। কোরবানি দেওয়ার নির্ধারিত জায়গা সম্পর্কে কেউ জানে না। অথচ ওই এলাকার কোরবানির নির্ধারিত স্থান হচ্ছে আজিমপুর কলোনির ভেতর বিভিন্ন খেলার মাঠ, পলাশী আজাদ স্টাফ কোয়ার্টারের খোলা জায়গা, আজিমপুর ছাপরা মসজিদসংলগ্ন আজিমপুর জনকল্যাণ সমিতির অফিস, আজিমপুর গার্লস সরকারি স্কুল ও কলেজের ভেতরের মাঠ। কিন্তু এসব জায়গার কোথাও কোরবানি দেওয়ার দৃশ্য চোখে পড়েনি।
এই এলাকার বাসিন্দা মাওলানা সালাউদ্দিন আহমেদ বলেন, কোরবানি দেওয়ার নির্ধারিত স্থানে মানুষ কম থাকে। এ কারণে ওই স্পটে মানুষ কোরবানি দেয়নি বলে তিনি মনে করেন।
রাজধানীর ১০ নম্বর ওয়ার্ডের মতিঝিল বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় নির্ধারিত স্থানে কাউকে কোরবানি দিতে কাউকে দেখা যায়নি। বাংলাদেশ ব্যাংক কলোনির শাহজাদা ইসলাম বলেন, ‘মাইকে কইয়া গেছে এই জায়গায় কোরবানি দিতে। কিন্তু দুপুর পর্যন্ত এখানে কেউ আসেনি।’
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডেও কেউ সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে পশু কোরবানি করেননি। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের নির্ধারিত ৫৩৫টি স্থানে কোরবানির চিত্রটা ছিল একই রকম।
রাজধানীর তাঁতীবাজার এলাকায় গিয়ে দেখা যায়, কোরবানির পশু জবাইয়ের নির্ধারিত স্থানে দুজন কসাই অলসভাবে বসে আছেন। তাঁরা বলেন, স্থানীয় কাউন্সিলর তাঁদের সেখানে বসে থাকতে বলেছেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে কোরবানি দিতে কেউ যাননি।
এদিকে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, ‘অনেকেই নির্ধারিত জায়গায় না গিয়ে নিজেদের মতো কোরবানি দিলেও তাঁরা নিজেরাই পানি দিয়ে পশুর রক্ত ধুয়ে ফেলেছেন। এতে আমাদের সহযোগিতা হয়েছে।’ আর একই দিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, যে পরিমাণ জায়গা কোরবানির জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত। তারপরও অনেকে গিয়েছেন। অনেকে নিজেদের মতো কোরবানি দিয়েছেন। তবে ব্যক্তিগত উদ্যোগে তাঁরা পানি দিয়ে পশুর রক্ত ধুয়ে দিয়েছেন। ভবিষ্যতে এই উদ্যোগে আরও সাড়া মিলবে বলে মনে করেন তিনি।