নির্দিষ্ট স্থানে পশু জবাইয়ে সাড়া দেননি নগরবাসী
চট্টগ্রাম সিটি করপোরেশন নগরের আসকারদীঘির পাড় এলাকায় শতদল ক্লাবের মাঠে কোরবানির পশু জবাইয়ের জন্য স্থান নির্ধারণ করে দিয়েছিল। এ জন্য মাঠের প্রবেশ ফটকের পাশের দেয়ালে একটি ব্যানারও ঝুলিয়ে দেয় সংস্থাটি। কিন্তু নির্ধারিত স্থানের পরিবর্তে নিজেদের বাসার সামনে পশু জবাই দিতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের।
শুধু শতদল ক্লাব মাঠ নয়, পশু জবাইয়ের জন্য সিটি করপোরেশন-নির্ধারিত অন্যান্য স্থানেও একই চিত্র দেখা গেছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এবার নগরের ৪১টি ওয়ার্ডে ৩৬১টি জায়গা পশু জবাইয়ের জন্য নির্ধারণ করে দেয়। এসব স্থানে পশু জবাই দিতে গত ২৩ আগস্ট সংবাদ সম্মেলন করে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন। তবে স্থান নির্ধারণ করে দিলেও সেখানে পশু জবাইয়ে নগরবাসীকে উৎসাহিত করতে করপোরেশনের তেমন কোনো উদ্যোগ ছিল না।
গত শনিবার কোরবানির ঈদের দিন নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকালে ঈদের নামাজ শেষে কোরবানির পশু জবাই শুরু হয়। নগরবাসী নির্ধারিত স্থানে পশু জবাই দেননি। স্পটগুলোতে পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় লোকবলও রাখেনি করপোরেশন। শুধু ব্যানার টানিয়ে দায় সেরেছে সংস্থাটি। কোথাও কোথাও তাও টানানো হয়নি। নগরবাসীর কেউ নিজেদের বাসার সামনের খালি জায়গায়, কেউ ভবনের সামনের সড়কে পশু জবাই দেন। পশু জবাইয়ের পর রক্ত ধুয়ে দিতে দেখা যায়।
নগরের আসকারদীঘি এলাকার বাসিন্দা শওকত ওসমান বলেন, করপোরেশন-নির্ধারিত স্থানে পশু নিয়ে যাওয়া এবং জবাইয়ের পর মাংস নিয়ে আসা অনেক ঝামেলার। তাই নির্ধারিত স্থানে পশু জবাই দেওয়ার আগ্রহ নেই।
নগরের এস এস খালেদ সড়কের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের খোলা জায়গাও পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল। কিন্তু শনিবার সকাল সাড়ে আটটায় সেখানে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ফটক বন্ধ।
নির্ধারিত স্থানে পশু জবাইয়ে নগরবাসীর অনাগ্রহের বিষয়টি স্বীকার করে করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শৈবাল দাশ বলেন, কোরবানির বিষয়টি ধর্মীয় আবেগের বিষয়। আর নির্ধারিত স্থানে পশু জবাই বাধ্যতামূলক নয়। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় লোকবল করপোরেশনের নেই।