নির্দেশ অমান্য, অভিন্ন প্রশ্নে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা পর্যায়ের অর্ধবার্ষিক পরীক্ষা অভিন্ন প্রশ্নে নেওয়া হয়েছে।
অভিন্ন প্রশ্নের বিষয়ে উপজেলার পাঁচটি বিদ্যালয়ের ১০ জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি প্রশ্ন বিক্রির সঙ্গে যুক্ত। তাদের সিদ্ধান্তই শেষ কথা। তাই একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়। বুদ্ধি করে এবার তারা প্রশ্নপত্রকে ‘কর্তৃপক্ষহীন’ করে বিক্রি করেছে বলে জানান তাঁরা।
রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকার বলেন, মন্ত্রণালয়ের চিঠিটা অনেক পরে আসায় এবারে এভাবেই পরীক্ষা নেওয়া হয়। ভবিষ্যতে নিজ নিজ প্রতিষ্ঠানের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। রায়গঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ধানগড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার লুৎফর রহমান একই ধরনের কথা বলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী বলেন, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা না নিতে নির্দেশনা দিয়ে সবাইকে পত্র দেওয়া হয়েছিল। নির্দেশ অমান্য করা হয়ে থাকলে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) মো. এলিয়াছ হোসেনের ১২ এপ্রিল স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান স্ব-স্ব শিক্ষক দ্বারা পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে পরীক্ষা গ্রহণ করবেন (পাবলিক পরীক্ষা ব্যতীত)। কোনো অবস্থাতেই বাইরে থেকে প্রশ্নপত্র কিনে পরীক্ষা গ্রহণ না করার জন্য নির্দেশ দেওয়া হলো। এর ব্যত্যয় ঘটলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পত্রটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের উপপরিচালক শরমিন ফেরদৌসি চৌধুরী ১৩ এপ্রিল স্বাক্ষর করে সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠান। ২২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম পত্রটি স্বাক্ষর করে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠান। তিনি পাঁচ মে স্বাক্ষর করে পত্রটি উপজেলার ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩১টি দাখিল মাদ্রাসার প্রধান ও সভাপতিকে পাঠান।
কিন্তু আগের মতোই অভিন্ন প্রশ্নে অর্ধবার্ষিক পরীক্ষা নেওয়া হচ্ছে। ২ জুন থেকে এ পরীক্ষা শুরু হয়ে ১৭ জুন শেষ হয়েছে। তবে এবার প্রশ্নপত্র ও পরীক্ষার সময়সূচিতে কোথাও কোনো কর্তৃপক্ষের নাম নেই। পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে ‘ষাণ্মাসিক পরীক্ষা ২০১৫’। আবার প্রশ্নপত্রে লেখা হয়েছে ‘অর্ধবার্ষিক পরীক্ষা ২০১৫’। এ পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ হাজার ১০৪ জন ও মাদ্রাসায় ৭ হাজার ৫২৫ জন ছাত্রছাত্রী অংশ নেয়। মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে ১৫০, সপ্তমে ১৭০, অষ্টমে ১৮০, নবম ও দশমে ২০০ টাকা করে ফি নেওয়া হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম পর্যন্ত ২০০ ও নবম থেকে দশম পর্যন্ত ২৫০ টাকা ফি নেওয়া হয়েছে।
প্রশ্নপত্রে ভুল ছিল অনেক। মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় (সৃজনশীল) অংশে ৫-এর ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, পৃথিবীর মহাদেশ কোনটি? ৪-এর ক নম্বরে বলা হয়েছে হিমালয়ের শৃঙ্গের নাম কী? এ ছাড়া ৫ নম্বরের উদ্দীপকে তানিয়া লিখতে তানিয়ে, ৬ নম্বরে আমাদের লিখতে আমাদেরে, ৮-এর ঘ নম্বরে ‘মিজান সাহেব ব্যতীত অন্য যেকোনো উপায় উল্লেখ করেন এগুলোর মধ্যে তুমি কোনটিকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে কর?’ একই শ্রেণির বাংলা প্রথম পত্র (সৃজনশীল) অংশে ৪-এর ক নম্বরে ‘মানুষ জাতি কবিতা লেখকের নাম কি?’ কি ও কী এবং লেখ ও লিখ ব্যবহার করা হয়েছে। একই রকম ভুল অন্য শ্রেণির প্রশ্নপত্রেও রয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
পাঁচজন অভিভাবক বলেন, পরীক্ষার জন্য ফি নিলেও বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা প্রশ্নপত্র তৈরি না করে বাইরে থেকে কিনে আনা প্রশ্নপত্রে পরীক্ষা নেয়, বিষয়টি দুঃখজনক।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির একটি সূত্র জানায়, গত ২০১০ সালের জুন মাস থেকে গত বছরের জুন মাস পর্যন্ত প্রশ্নপত্র বিক্রি করে প্রায় ২৭ লাখ টাকা আয় হয়েছে।
দুটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাম প্রকাশ না করে বলেন, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে তাঁদের অনেক আবদারে রাখতে হয়।