নির্দেশ অমান্য, চলছে ইউপি কমপ্লেক্সের নির্মাণ কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়ন পরিষদ (ইউপি) কমপ্লেক্স নির্মাণে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে স্থগিতাদেশ দেওয়ার পরও ঠিকাদারের বিরুদ্ধে কাজ চালানোর অভিযোগ উঠেছে। কমপ্লেক্স নির্মাণের জায়গা নির্ধারণ করা নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে বিরোধে মন্ত্রণালয় কাজ স্থগিতের ওই নির্দেশ দেয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব সৈয়দা নওশীন স্বাক্ষরিত পরিপত্রে গত ২১ জুন চান্দাই ইউপি কমপ্লেক্সের নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। পরিপত্রে বর্তমান স্থানের পরিবর্তে অন্য কোনো স্থানে কমপ্লেক্স নির্মাণ করা অধিকতর যৌক্তিক হবে কি না ও জনগণের মাঝে স্বস্তি ফিরে আসবে কি না, তা তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক লিখিতভাবে সংশ্লিষ্টদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু ঠিকাদার তা মানছেন না।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ঠিকাদার ফজলুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক শাহীনা খাতুন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনার পরও ঠিকাদার কাজ করলে সেটা অবশ্যই অন্যায় হচ্ছে। খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, স্থান নির্ধারণ করা নিয়ে এলাকার দুটি পক্ষ পৃথক অবস্থান থেকে আন্দোলন করা সত্ত্বেও গত ২৭ এপ্রিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিম কনস্ট্রাকশন চান্দাই বাজারে ৭৪ লাখ ৯২ হাজার ৬৮৬ টাকা ব্যয়ে কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু করে।