নির্দেশ উপেক্ষা করে আবার শিক্ষামেলা
শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেসরকারি উদ্যোগে ঢাকায় আবারও আন্তর্জাতিক শিক্ষামেলার আয়োজন করা হয়েছে। এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়েরই আওতাধীন প্রতিষ্ঠান জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম)।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন লঙ্ঘন করে আয়োজিত এই মেলার উদ্যোগের সঙ্গে নায়েমের যুক্ত হওয়া নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে দেশি-বিদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করার বিষয়টি নায়েমের এখতিয়ারে পড়ে কি না, তা জানতে চেয়েছে। একই সঙ্গে নায়েম কেন এ ধরনের মেলা আয়োজনের সঙ্গে জড়িত হলো, তার ব্যাখা চাওয়া হয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে নায়েমের পরিচালক আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, একটি বেসরকারি সংস্থা শিক্ষার সম্প্রচার ও গুণগত মানসম্পন্ন শিক্ষার বিকাশে মেলা আয়োজনে নায়েমকে সহযোগী হওয়ার প্রস্তাব দিয়েছিল। মেলার ১০টি স্থানে নায়েমকে বিনা খরচে ১০টি স্টল বরাদ্দ দেওয়ার কথা ছিল। এসব স্টলে নায়েমের প্রকাশনা ও শিক্ষা উপকরণ প্রদর্শনীর চিন্তা ছিল। তিনি বলেন, গত ২৬ ডিসেম্বর মেলা শুরুর কথা থাকলেও আয়োজকেরা ব্যর্থ হয়েছেন। এরপর তিনি এ বিষয়ে আর কিছুই জানেন না।আয়োজকেরা গত ৩ জানুয়ারি একটি জাতীয় দৈনিকের প্রথম পৃষ্ঠায় বিজ্ঞাপন দিয়ে ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষামেলা আয়োজনের ঘোষণা দিয়ে স্টল বরাদ্দ নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে। এদিকে গতকাল শিক্ষা মন্ত্রণালয় মেলা বিষয়ে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে।রাতে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক শামীম আহমেদ মুঠোফোনে জানান, আজ শুক্রবার থেকেই তাঁরা মেলা শুরু করতে যাচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলায় অংশ নেওয়ার জন্য কোনো ফি নেওয়া হচ্ছে না এবং বিদেশি কোনো প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে না। রাজধানীর ১০টি স্থানে ৫০টি করে ৫০০ স্টল বরাদ্দ করা হয়েছে। তিনি দাবি করেন, একটি অনলাইন টিভির পক্ষ থেকে মেলার খরচ বহন করা হচ্ছে। এতে ওই টিভির প্রচার হবে।গত নভেম্বরে শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে বলা হয়েছিল, বাংলাদেশে ‘আন্তর্জাতিক শিক্ষামেলা’ আয়োজনের কোনো সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী অনুমোদনহীন কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কোনো ধরনের প্রচারণা চালাতে পারবে না।ওই সময় এসএসবিসিএল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান ২৮ থেকে ৩০ নভেম্বর শেরাটন হোটেলে বিদেশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে ‘আন্তর্জাতিক শিক্ষামেলা’ আয়োজনের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি চেয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়। এর জবাবে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রঞ্জিৎ কুমার সেনের সই করা চিঠিতে এ ধরনের মেলা আয়োজনে আপত্তি জানানো হয়।শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষামেলার মাধ্যমে বিদেশি বিশ্ববিদ্যালয়ে সরাসরি ছাত্র ভর্তির নামে মূলত ইউরোপের দেশগুলোতে জনশক্তি পাঠানো হয়। এসব দেশে সাধারণ উপায়ে জনশক্তি পাঠানো বেশ কঠিন। তাই এ কৌশল বেছে নেওয়া হচ্ছে।বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩(৩) ধারায় বলা আছে, এই আইনের অধীনে অনুমোদনপ্রাপ্ত নয় এমন কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কোনো শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টারে শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো রকম ব্রোশিয়ার, প্রসপেক্টাস, প্রচারপত্র প্রকাশ ও প্রচার করা যাবে না। এ ছাড়া সংবাদমাধ্যমে কোনো ধরনের বিজ্ঞাপন প্রকাশ ও প্রচার করা যাবে না।গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, শিক্ষামেলার আয়োজকেরা মেলায় প্রধান অতিথি হিসেবে কয়েকজন প্রতিমন্ত্রী ও সাংসদের নাম ব্যবহার করে তাঁদের জন্য বিব্রতকর অবস্থা তৈরি করেছে। বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। চিঠিতে আরও বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ ধরনের মেলা আয়োজন শাস্তিযোগ্য অপরাধ।