নির্দেশ উপেক্ষা করে বান্দরবানে পাহাড় কাটা চলছেই
পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে গতকাল শুক্রবারও বান্দরবানের ফরেস্টার অফিস এলাকায় সাংসদ বীর বাহাদুর পাহাড় কাটা অব্যাহত রেখেছেন। কাল রোববার সাংসদের এক প্রতিনিধিকে চট্টগ্রামে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সরেজমিনে দেখা যায়, পাহাড় কাটা স্থানে ঢেউটিনের উঁচু বেড়া দিয়ে ভেতর থেকে তালা দেওয়া হয়েছে। ট্রাক বোঝাই হলে তালা খুলে মাটি নেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর বান্দরবানে পাহাড় কাটাসহ সব কাজ বন্ধের নির্দেশ দেয়। এর আগে গত বুধবার প্রথম আলোতে ‘বান্দরবানে পাহাড় কাটছেন সাংসদ বীর বাহাদুর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। পরের দিন বৃহস্পতিবার সকাল থেকে আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমানসহ প্রভাবশালীদের উপস্থিতিতে পাহাড়ের পাদদেশ কাটা ও দেয়াল নির্মাণের কাজ চলে। ওই দিনই পরিবেশ অধিদপ্তরের পক্ষে একটি তদন্ত দল ঘটনাস্থলে যায়। এ সময় পরিবেশ অধিদপ্তর বান্দরবানের পরিদর্শক হারুনুর রশিদ সাংসদের প্রতিনিধি মজিবর রহমানের হাতে কাজ বন্ধ রাখার নোটিশ ধরিয়ে দেন। একই সঙ্গে তাঁকে কাল পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে হাজিরের নির্দেশ দেন।পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামের বিভাগীয় পরিচালক জাফর আলম জানান, তদন্তে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।