নির্দেশ তোয়াক্কা করছেন না আ.লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে উপজেলা পরিষদের জায়গায় অবৈধভাবে বিপণিবিতান নির্মাণের কাজ চলছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী এ কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মন্ত্রণালয় থেকে ২৪ মে দ্বিতীয় দফা উপজেলা পরিষদকে চিঠি দিয়ে এত দিন কাজ বন্ধ করে রাখা হয়েছিল।উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া পরিষদের খালি জায়গা দখল করে গত বছরের প্রথম দিকে অবৈধভাবে বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করেন। তিনি সেই বিপণিবিতানে দোকানঘর বরাদ্দ দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান ডিও লেটার দিয়ে ইউএনওকে বিপণিবিতান নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে গত বছরের ২৩ অক্টোবর পুলিশের সহযোগিতায় ইউএনও নির্মাণকাজ বন্ধ করে দেন।উপজেলা চেয়ারম্যান গত বছরের ২৭ অক্টোবর উপজেলা পরিষদের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে পরিষদের খালি জায়গায় অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠান। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সারোয়ার বারী ৩ নভেম্বর চিঠি দিয়ে অস্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কোনো সুযোগ নেই বলে জানিয়ে দেন। কিন্তু উপজেলা চেয়ারম্যান বিষয়টি পুনর্বিবেচনার জন্য ৫ জানুয়ারি আবারও মন্ত্রণালয়ে আবেদন করেন।এর পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে গত ১১ মার্চ অতিরিক্ত জেলা প্রশাসক এস এম ফেরদৌস আলম বিষয়টি তদন্ত করেন। গত ৩ মে তিনি একটি সম্পূরক প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠান। যার ভিত্তিতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এম এ কাজী এমদাদুল ইসলাম ২৪ মে আবারও তাঁকে সেখানে বিপণিবিতান নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু উপজেলা চেয়ারম্যান গত সোমবার সকাল থেকে বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী দাবি করেন, মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর থেকে কাজ বন্ধ রয়েছে। এখন ওই জায়গায় কোনো কাজ হচ্ছে না।ইউএনও ফিরোজ শাহ বলেন, ‘আগের নির্বাহী কর্মকর্তা স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে মার্কেটের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছিলেন। এখন আবার নতুন করে সেখানে কাজ চলছে। তদন্ত করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব।’