নির্দেশ না মানায় ডায়িং কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের তুরাগ নদ দূষণের অভিযোগে এমা সিনটেক্স নামের একটি নিট ফেব্রিকস ডায়িং কারখানাকে সাড়ে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর জেলার জয়দেবপুর থানার কাশিমপুরের দক্ষিণ জরুন এলাকার ওই কারখানাকে জরিমানা করে।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, কারখানাটিকে এক বছর আগেই বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের নির্দেশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। কিন্তু কারখানার মালিক নির্দেশ অমান্য করায় এ জরিমানা করা হয়েছে।পরিচালক মুনীর চৌধুরী আরও জানান, গত সোমবার কারখানায় আকস্মিক অভিযান চালিয়ে দেখা যায়, নোটিশের এক বছর পার হলেও সেখানে ইটিপি স্থাপন করা হয়নি। গতকাল কারখানার মালিক মোদাব্বীর হোসেনকে কার্যালয়ে তলব করে জরিমানা করা হয়। আগামী ৬০ দিনের মধ্যে ইটিপি স্থাপনের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। ইটিপি স্থাপন ও চালু না হওয়া পর্যন্ত কারখানা থেকে যাতে দূষিত বর্জ্য নির্গমন হতে না পারে, এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করা হলে কারখানার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে অধিদপ্তর।কারখানার মালিক অভিযোগ মেনে নিয়ে জানান, অর্থাভাবে তিনি ইটিপি স্থাপন করতে পারেননি।বিশাল এই কারখানা থেকে রাসায়নিক দ্রব্য মিশ্রিত অপরিশোধিত ও দূষিত তরল বর্জ্য একটি খাল দিয়ে পাশের তুরাগ নদে মিশছে। এতে নদের মাছ ও জলজ প্রাণী মারা যাচ্ছে। পরিবেশের বিপর্যয় ঘটছে।