ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পাওয়া যায়নি। তাই ইন্দোনেশিয়া থেকে আনা ৫০টি নতুন কোচ পড়ে আছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। চালু হচ্ছে না নতুন তিনটি ট্রেন।
গত রোববার সরেজমিনে দেখা গেছে, কারখানার ওয়াগন শপ ও ইয়ার্ডে সারি সারি কোচ। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত হয়নি, তাই কোচগুলো এখনো ট্রাফিক বিভাগে হস্তান্তর করা যায়নি। আর এ কারণে পঞ্চগড়-ঢাকা পথে নতুন দুটি ট্রেন ও চিলাহাটি-ঢাকা পথে আরেকটি ট্রেন চালু হচ্ছে না।
রেলওয়ের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার আদেশ অনুযায়ী, দিনাজপুর-ঢাকা পথে চলাচলকারী দুটি ট্রেন দ্রুতযান ও একতা এক্সপ্রেসে নতুন কোচ সংযোজন করা হচ্ছে। ওই ট্রেন দুটির পরিবর্তিত গন্তব্য নির্ধারণ করা হয়েছে পঞ্চগড় পর্যন্ত। এ লক্ষ্যে পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর করা হয়েছে।
সৈয়দপুর রেলওয়ে কারখানা সূত্রে জানা গেছে, গত অক্টোবরে ইন্দোনেশিয়া থেকে কোচগুলো আনা হয়। এরই মধ্যে দুই পর্যায়ে ২৮টি কোচের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কারখানার কয়েকজন প্রকৌশলী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এক মাস আগেই এসব কোচ বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা যেত।
কারখানাটির বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহাম্মদ হোসেন বলেন, আমদানি করা কোচগুলো এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে কেনা। ১৩টি কোচ দিয়ে সাজানো হবে প্রতিটি ট্রেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি ট্রেনে ১০৮টি আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে।
রেলওয়ে ট্রাফিক বিভাগের পরিবহন কর্মকর্তা (ডিটিও) শওকত জামিল মহসী বলেন, ওপরের নির্দেশ পেলেই ট্রেনগুলো বিভিন্ন গন্তব্যে চালু করা হবে।