নির্দেশ লঙ্ঘন, ইটভাটার কাজ চলছেই
পার্বত্য খাগড়াছড়িতে পরিবেশ অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, নতুন ইটভাটার অনুমোদন এমনকি ইটভাটা পরিচালনারও কোনো সুযোগ নেই। অথচ এ নির্দেশ লঙ্ঘন করে খাগড়াছড়িতে প্রতিবছর ইটভাটা পরিচালনা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, ঠিকাদার ও ব্যবসায়ীরা মনে করেন, পরিবেশ অধিদপ্তরের আদেশ খাগড়াছড়ি পার্বত্য জেলার জন্য বাস্তবসম্মত নয়। কারণ, ইটভাটা পরিচালনায় বিধিনিষেধ থাকলে জেলার উন্নয়ন কর্মকাণ্ড থমকে যাবে।জেলা প্রশাসনের ২০০৯ সালের হিসাব অনুযায়ী, জেলায় মোট ৩১টি ইটভাটা রয়েছে। গুটিকয়েক বন্ধ থাকলেও অধিকাংশই চালু রয়েছে। ২০০৯ সালের পর আরও অন্তত পাঁচটি নতুন ইটভাটা পরিচালনার তথ্য বিভিন্ন সূত্রে পাওয়া গেছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, জেলা ও উপজেলা সদরের পাশাপাশি এলাকায় স্থাপিত ইটভাটাগুলোতে ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি ব্যবহার করা হচ্ছে। বাকি ইটভাটা, যেগুলো কিছুটা আড়ালে ও দুর্গম এলাকায়, সেগুলোতে ১৫-২০ ফুট উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করা হচ্ছে। সব ভাটা জনবসতির অদূরে এবং কিছু কিছু ইটভাটা শিক্ষাপ্রতিষ্ঠানের একেবারে সন্নিকটে স্থাপন করা হয়েছে। প্রতিটি ভাটায় জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহূত হচ্ছে। ২০০৮ সালের ৩ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর থেকে তিন পার্বত্য জেলা প্রশাসকের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়, পাহাড়ি জেলাগুলোর (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি) সীমানার মধ্যে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। এর পরিপ্রেক্ষিতে নতুন করে কোনো ইটভাটার অনুকূলে লাইসেন্স দেওয়ার অবকাশ নেই। জানা গেছে, ২০০৮ সালের ১৯ নভেম্বর খাগড়াছড়ির জেলা প্রশাসক ইটভাটার মালিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে ভাটার মালিকদের তাঁদের লাইসেন্স নবায়ন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সংগ্রহের জন্য বলা হয়। পরে জেলা প্রশাসক এক আদেশে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটা বন্ধ করে দেওয়ার আদেশ দেন। এই আদেশ পালন করা হয়েছে বলে জানা যায়নি। খাগড়াছড়ি সদরের একটি ইটভাটার মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অনুমোদন না থাকলেও আমরা ইটভাটা পরিচালনা করছি। আমরা প্রশাসনকে বিভিন্নভাবে বলেছি, স্থানীয়ভাবে ইট প্রস্তুত করা না হলে এলাকার উন্নয়ন কীভাবে হবে? বাইরের জেলা থেকে ইট আনতে হলে প্রতিটি ইটের দাম পড়বে অন্তত ১০ টাকা।’ খাগড়াছড়ির জেলা প্রশাসক আনিস উল হক ভূঁইয়া বলেন, ইটভাটার বিষয়ে যে আইন রয়েছে, তা পুরোপুরি বাস্তবায়ন করা যায় না। স্থানীয়ভাবে ইটের চাহিদা রয়েছে। ইট উৎপাদন বন্ধ করা হলে জেলার উন্নয়নকাজেও ব্যাঘাত ঘটবে। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জাফর আলম বলেন, পরিবেশ আইন অনুযায়ী তিন পার্বত্য জেলায় ইটভাটা পরিচালনা করার কোনো সুযোগ নেই। পার্বত্য এলাকার কোনো মালিককে ইটভাটা পরিচালনায় পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি। এদিকে ১০ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোহাম্মদ নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জেলা প্রশাসকদের কাছে অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়।