নির্দেশনা না মানলে কপালে দুঃখ আছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম
মোহাম্মদ নাসিম

২৪ জানুয়ারি পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সরকারের কর্মকর্তা যাঁরা আছেন, তাঁদের আমাদের কথা অনুযায়ী চলতে হবে। যাঁরা নির্দেশ মানবেন না, তাঁদের কপালে দুঃখ আছে। নির্দেশনা না মানলে তাঁদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।’
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম বলেন, ‘যাঁরা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, সেখান থেকে অপ্রয়োজনীয় কথা বলবেন না। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীসহ আমরা নিরলস কাজ করে যাচ্ছি। সুতরাং আপনারা অহেতুক কথা বলে আমাদের বিপদে ফেলবেন না।’
২৪ অক্টোবরের পর দেশে কিছুই হবে না দাবি করে নাসিম বলেন, ‘তারা (বিএনপি) অহেতুক হুমকি দেয়। তাদের আন্দোলনের শক্তি নেই। আমরা ক্ষমতায় থেকেই নির্বাচন করব। দুনিয়ার বুকে কেউ নেই নির্বাচন ঠেকাবার।’
সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন প্রমুখ।