নির্দেশনা সত্ত্বেও পুলিশের 'সিভিল টিম' বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাদা পোশাকে পুলিশের কার্যক্রম নিয়ে অব্যাহত অভিযোগের মুখে ১৭ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার লিখিতভাবে ‘সিভিল টিম’ পরিচালনা না করার নির্দেশ দেন। কিন্তু এর পরও থানাগুলো সাদা পোশাকে পুলিশের কার্যক্রম চালাতে থাকে। এ অবস্থায় নির্দেশনা জারির চার দিন পরই ২১ জুন আবারও সিভিল টিম না চালানোর জন্য চিঠি দিয়ে থানাগুলোকে সতর্ক করে দিতে হয়েছে কমিশনারকে। ডিএমপি সূত্র চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সাধারণত রিকুইজিশন করা মাইক্রোবাস বা লেগুনায় সাদা পোশাকে কর্তব্য পালন করেন ‘সিভিল টিম’র সদস্যরা। কয়েক বছর ধরেই এদের বিরুদ্ধে মানুষকে ধরে এনে বা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়, চাঁদাবাজিসহ বিভিন্নভাবে হয়রানির অভিযোগ উঠেছে। কয়েক বছরে একাধিকবার সিভিল টিমের কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করেছে ডিএমপি।
সম্প্রতি সিভিল টিমের অপরাধমূলক কার্যক্রম বেড়ে যাওয়ায় ১৭ জুন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া লিখিতভাবে থানাগুলোকে ‘সিভিল টিম’ বন্ধ করার নির্দেশ দেন। কিন্তু কমিশনারের নির্দেশ উপেক্ষা করেও থানাগুলো সিভিল টিমের কার্যক্রম চালাতে থাকে। এর পরিপ্রেক্ষিতে ২১ জুন ডিএমপি কমিশনার আবারও নির্দেশনা দিয়ে আরেকটি চিঠি জারি করেন।
‘কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে সিভিল টিম পরিচালনা প্রসঙ্গে’ বিষয়ের চিঠিটি ডিএমপির সব অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার, সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সব ফাঁড়ির ভারপ্রাপ্তদের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে কমিশনার উল্লেখ করেছেন, ১৭ জুন সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পরও বিভিন্ন থানা/ইউনিট সিভিল টিম পরিচালনা করছে বলে লক্ষ করা গেছে। এর ফলে বিভিন্ন সময় মানুষ এসব সিভিল টিমের দ্বারা হয়রানির শিকার হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
চিঠিতে আরও বলা হয়, সিভিল টিমের সদস্যদের দ্বারা নিরীহ জনসাধারণকে অসৎ উদ্দেশে আয়ত্তে নিয়ে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ড ডিএমপির যাবতীয় ভালো উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি ভাবমূর্তির সংকট সৃষ্টি করে। কর্তৃপক্ষের সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে এ রকম সিভিল টিম পরিচালনা অসৎ উদ্দেশ্যপূর্ণ ও দুঃখজনক।
এ অবস্থায় কোনো ধরনের সিভিল টিম পরিচালনা না করতে অনুরোধ করা হলো। এ নির্দেশনা ভঙ্গ করে কোনো সিভিল টিমের দ্বারা কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশ সদস্য, থানার ওসি এবং ইউনিট প্রধানেরা দায়ী হবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তবে কেনো বিশেষ আসামি গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার—এসব ইস্যুভিত্তিক অভিযানের জন্য সংশ্লিষ্ট উপকমিশনারের নির্দেশনা নিয়ে সিভিল টিম পরিচালনা করা যাবে বলে চিঠিতে উল্লেখ করা হয়। সে ক্ষেত্রে অভিযান শেষেই সিভিল টিম বন্ধ করে দিতে হবে। আর বিষয়টি আগে থেকেই যুগ্ম কমিশনার (ক্রাইম) ও যুগ্ম কমিশনার (অপারেশন)কে জানাতে হবে। সুস্পষ্ট নির্দেশ অমান্য না করে যেন সিভিল টিম কার্যক্রম না চালায়, সে বিষয়টি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট উপকমিশনাররা।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, তাঁর বিভাগের পাঁচটি থানায় অনেক দিন ধরেই সিভিল টিমের কার্যক্রম বন্ধ। তবে বছরের শুরুতে নাশকতা শুরু হলে নাশকতাকারীদের ধরতে সাদা পোশাকে কিছু কার্যক্রম চালাতে হয়েছে। নাশকতা কমে আসার সঙ্গে সঙ্গেই সিভিল টিমের সব তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে।