নির্দেশিকার অধিকতর সংশোধন চূড়ান্তের পর নতুন এমপিওভুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত হওয়ার পর নতুন এমপিওভুক্তির বিষয়টি বিবেচনা করা হবে।

আজ রোববার সংসদে সরকারি দলের বেগম পিনু খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে ২৬ হাজার ৮৪টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ একটি চলমান প্রক্রিয়া। এ প্রক্রিয়ার অংশ হয়েছে বর্তমান মহাজোট সরকারের বিগত মেয়াদে ২০১০ সালে ১ হাজার ৬২৪টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তি নির্দেশিকার সংশোধন কার্যক্রম চূড়ান্ত করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তী সময়ে এ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সংশোধিত বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা এবং সরকার প্রদত্ত জাতীয় বেতন স্কেল-২০১৫’–র আলোকে নির্দেশিকাটির অধিকতর সংশোধনের প্রয়োজন হওয়ায় এটির সংশোধনের জন্য নয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ পাওয়ার পর নির্দেশিকাটি শিগগিরই চূড়ান্ত করা হবে। পরবর্তী সময়ে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এ নির্দেশিকার অনুসরণে বাস্তবতা ও প্রয়োজনীয়তার নিরিখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত বিষয়টি বিবেচনা করা হবে।

সংসদে সরকারি দলের সদস্য মো. এনামুর রহমানের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নেই, সেসব প্রতিষ্ঠানে চলতি অর্থবছরে ভবন নির্মাণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রকল্প প্রণয়ন করা হয়েছে।

নাহিদ বলেন, ইতিমধ্যে এ প্রকল্প অন্তর্ভুক্তির জন্য সাংসদদের কাছ থেকে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ, ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ছয়টি মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য তালিকা সংগ্রহ করা হয়েছে। প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয় পর্যালোচনা করছে। প্রকল্প অনুমোদিত হলে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সাপেক্ষে সংগৃহীত প্রাধিকার তালিকা থেকে পর্যায়ক্রমে বাস্তবায়ন শুরু হবে।