নির্দেশে বাধ্য হয়ে খুন, লাশ গুম করতে হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের বাইরে যাওয়ার সুযোগ না থাকায় বাধ্য হয়ে নারায়ণগঞ্জে সাতজনকে খুন ও লাশ গুম করতে হয়েছে অধস্তনদের।

আজ বৃহস্পতিবার এ ঘটনায় র্যাব-১১-এর কনস্টেবল শিহাব উদ্দিন আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এমনটাই দাবি করেন। এর আগে এ ঘটনায় গ্রেপ্তার র্যাবের আরও পাঁচ সদস্যও একই কথা বলেছেন।

এ ছাড়া এ ঘটনায় গ্রেপ্তার হওয়া র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাঁরাও হত্যাকাণ্ডের ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আর অপহরণ ও খুনের প্রত্যক্ষদর্শী হিসেবে আদালতে এখন পর্যন্ত সাক্ষী দিয়েছেন ১২ জন।

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন,  নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলামের দায়ের করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শিহাব। আর আইনজীবী চন্দন কুমার সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় চন্দনের জামাতার করা মামলায় শিহাব জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গত ৩০ আগস্ট শিহাবকে এই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আট দিনের রিমান্ডে নেওয়া হয় 

আইনজীবী সাখাওয়াত আরও বলেন, র্যাবের যে সদস্যরা সাতজনকে অপহরণ থেকে শুরু করে হত্যা এবং হত্যার পর লাশ গুমের সঙ্গে জড়িত ছিলেন, কনস্টেবল শিহাব উদ্দিন তাঁদের একজন। শিহাব তাঁর জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বাধ্য হয়েই তিনিসহ অন্যরা এই সাতজনকে জনকে হত্যা এবং লাশ গুমে অংশ নেন। তাঁরা শুধু তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ এবং নির্দেশ পালন করেছেন। একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশের বাইরে যাওয়ার কোনো সুযোগ তাঁদের ছিল না।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এক দিন পর উদ্ধার করা হয় আরও একটি লাশ। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় ওই দুই মামলা হয়।