নির্দেশের পর ১১ বছরেও সম্মান কোর্স চালু হয়নি
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়ার পর ১১ বছরেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে সম্মান (অনার্স) কোর্স চালু করা যায়নি।কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র আবদুর রহিম বলেন, ‘ইংরেজি বিষয়ে অনার্স পড়ার বড় ইচ্ছা ছিল। এ কলেজে অনার্স কোর্স নেই। অন্যত্র বড় কলেজে পড়ার সামর্থ্যও আমার নেই। তাই আমার অনার্স পড়ার আশা পূরণ হলো না।’ একই ধরনের কথা বলেন বিবিএস শ্রেণীর ছাত্র মাহবুবুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী।পীরগঞ্জ সরকারি কলেজের অফিস সূত্রে জানা গেছে, ১৯৬৩ সালে স্থাপিত কলেজটি ১৯৮৭ সালে জাতীয়করণ করা হয়। এটি জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ। এখানে অবকাঠামোগত সব ধরনের সুবিধা, প্রতিটি বিষয়ের পর্যাপ্ত বইসমৃদ্ধ পাঠাগার এবং সাড়ে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী আছে। ১৯৯৯ সাল থেকে এ কলেজে নয়টি বিষয়ে সম্মান কোর্স চালুর চেষ্টা করা হচ্ছে। প্রস্তাবিত বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গণিত, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা এবং উদ্ভিদবিজ্ঞান।এখানে সম্মান কোর্স চালুর আবেদন করার পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের কার্যালয় থেকে অধ্যক্ষ বরাবর পাঁচটি শর্তযুক্ত পত্রও দেওয়া হয়। পত্রের প্রথম শর্তে বলা হয়, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেগুলেশন অনুযায়ী সম্মান কোর্স খোলার জন্য প্রার্থিত প্রতিটি বিষয়ের বিপরীতে শিক্ষকের (একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক ও তিনজন প্রভাষক মিলে মোট সাতটি) পদ সৃষ্টি ও পদগুলো পূরণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবহিত করতে হবে। ফলে বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হয়। কিন্তু এখন পর্যন্ত মন্ত্রণালয় শিক্ষকের ওই পদগুলো সৃষ্টি করেনি। বরং কলেজের সৃষ্ট ৪৪টি পদের মধ্যে বর্তমানে ২২টি শূন্য রয়েছে।কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক বদরুল হুদা জানান, কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৪টি বিষয় এবং স্নাতক (ডিগ্রি) পর্যায়ে বিজ্ঞান, কলা, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ১৪টি বিষয়ে বর্তমানে সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে।ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ মো. ইমদাদুল হক জানান, এ কলেজে সম্মান কোর্স চালুর ব্যাপারে তিনি ২০০০ সালের মে মাসে তৎ কালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় কিছু উদ্যোগ নেওয়ার পর সরকার পরিবর্তনের ফলে বিষয়টি চাপা পড়ে থাকে।কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান বলেন, ‘শিক্ষকের পদ সৃষ্টির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে গত মার্চ মাসে আবার আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। এখন প্যাটার্ন ছাড়াই বিদ্যমান পদের ভিত্তিতে সম্মান কোর্স চালুর প্রচেষ্টা চালাচ্ছি। প্যাটার্ন অনুযায়ী শিক্ষকের পদ পূরণ-সংক্রান্ত শর্ত শিথিল করে এবং অবকাঠামোসহ অন্যান্য সুবিধা ছাড়াই অনেক বেসরকারি কলেজে সম্মান কোর্স চালু করা হচ্ছে। এ কলেজের বিষয়টিও কর্তৃপক্ষের কাছে অগ্রাধিকার পাবে বলে আমি আশা করি।’