নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বাঘাইছড়ির বাঘাইহাট রেঞ্জের কর্মকর্তারা দীঘিনালার কয়েকজন নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে গাছ চুরির মামলা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আসামিরা অভিযোগ করেছেন, দুর্নীতির অভিযোগ থেকে নিজেদের বাঁচাতে বন কর্মকর্তারা ভোটার তালিকা থেকে নাম-ঠিকানা নিয়ে তাঁদের বিরুদ্ধে কাঠ চুরির মিথ্যা মামলা করেছেন।মামলার নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, বন বিভাগের করা চারটি মামলার সব কটিতে একই অভিযোগ, চার মামলার এজাহারের ভাষা হুবহু এক এবং চারটি ঘটনারই সময় সকাল হিসেবে দেখানো হয়েছে।দীঘিনালার কবাখালী ইউনিয়নের হেডম্যানপাড়া গ্রামের বাসিন্দা ফিরোজ মিয়া বলেছেন, তিনি ২০০৮ সাল থেকে স্ত্রী হালিমা বেগমকে নিয়ে চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করছেন। চট্টগ্রামে চাকরিরত অবস্থায় তিনি জানতে পারেন, তাঁর বিরুদ্ধে বাঘাইহাট রেঞ্জের গাছ চুরির তিনটি মামলা দেওয়া হয়েছে। একই ইউনিয়নের গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্য আলমগীর হোসেনের নামেও করা হয়েছে তিনটি মামলা।আসামিরা বলেছেন, দীঘিনালা থেকে ভোটার তালিকা সংগ্রহ করে সেখান থেকে ঠিকানা নিয়ে নিরীহ ব্যক্তিদের নামে বন আইনে মোট চারটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে।একটি মামলায় কবাখালী ইউনিয়নের মিজানুর রহমান, খোকন মিঞা, ফিরোজ মিয়া ও আলমগীর হোসেনকে আসামি করা হয়। এতে বলা হয়, গত ৬ এপ্রিল সকালে সেগুনবাগান থেকে চুরি করে গাছ কেটে নেওয়ার সময় আসামিরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। এর পরের মামলায় ঘটনার তারিখ দেখানো হয়েছে এর দুই দিন পরের অর্থাৎ ৮ এপ্রিলের। এতেও আসামি করা হয় কবাখালীর মিজানুর রহমান, ফিরোজ মিয়া ও আলমগীর হোসেনকে। এর পরের মামলায় ঘটনা দেখানো হয়েছে ৩০ আগস্ট। এতে আসামি করা হয় কবাখালীর বাহার উদ্দিন, মো. জাহাঙ্গীর, মো. আল আমিন ও মো. শাহজাহানকে। সর্বশেষ মামলায় তারিখ দেখানো হয়েছে ২০১০ সালের ৬ সেপ্টেম্বর। সেখানে আসামি করা হয়েছে কবাখালী ইউনিয়নের মো. বাহার উদ্দিন, মো. খোকন মিয়া, মো. ফিরোজ মিয়া, সাইফুল ইসলাম, আলমগীর হোসেন, মো. মিজানুর, জাহাঙ্গীর আলম ও মো. মানিক মিয়াকে। চারটি মামলার সব কটিতে ২০০০ সালের সংশোধিত বন আইনের ২৬(১ক) ধারা দেওয়া হয়েছে। অভিযোগের বর্ণনা ও সময় অভিন্ন।আসামিদের প্রায় সবাই হতদরিদ্র এবং তাঁদের বাড়ি ঘটনাস্থল থেকে ১৪ কিলোমিটার দূরে। সারা দিন রিকশা চালিয়ে অথবা দিনমজুরি করে অথবা সুদের ওপর টাকা নিয়ে তাঁরা রাঙামাটি আদালতে গিয়ে হাজিরা দিতে বাধ্য হচ্ছেন।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কাশেম বলেন, আসামিরা তাঁর ওয়ার্ডের বাসিন্দা এবং তাঁরা সবাই নিরীহ। বন বিভাগের বক্তব্য জানতে ১৮ আগস্ট এ প্রতিবেদক বাঘাইহাট রেঞ্জের বাঘাইহাট সদর বিটে গেলে সেখানে কথা হয় মামলাগুলোর বাদী বিট কর্মকর্তা মো. গোলাম মোতুর্জার সঙ্গে। তিনি দাবি করেন, তিনি নিজে আসামিদের গাছ কাটতে দেখেছেন। মুখ দেখেই তাঁদের চিনে ফেলেছেন। তবে আসামিদের তিনি আগে থেকে চিনতেন না বলে স্বীকার করেন। অপরিচিত এত লোকের চেহারা মনে রাখলেন কীভাবে—এমন প্রশ্নের কোনো সদুত্তর তিনি দিতে পারেননি।