নির্দয় প্রধান শিক্ষক!
কোচিং ক্লাসে ফিরতে দেরি করায় স্কুলছাত্রীকে বেধড়ক পিটিয়েছেন প্রধান শিক্ষক। পিটুনির হাত থেকে বাঁচতে মেয়েটি এক কক্ষ থেকে আরেক কক্ষে দৌড়ে পালিয়ে গিয়েও রেহাই পায়নি। অন্য শিক্ষকেরাও হস্তক্ষেপ করে রক্ষা করতে পারেননি। গুরুতর অবস্থায় মেয়েটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে গত শুক্রবার ভোলার লালমোহন উপজেলার বেসরকারি বিদ্যালয় লালমোহন হা-মীম একাডেমিতে। একাডেমির প্রধান শিক্ষক মেয়েটিকে মারধরের কথা স্বীকার করেছেন। লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এসএসসি পরীক্ষার্থী রুবীনা আক্তার গতকাল শনিবার সাংবাদিকদের জানায়, স্কুলে তাদের প্রাক-নির্বাচনী পরীক্ষা চলছে। গতকাল ছিল গণিত পরীক্ষা। এ জন্য বৃহস্পতিবার একাডেমির প্রধান শিক্ষক রুহুল আমিন শুক্রবার সকালে সব ছাত্রছাত্রীকে স্কুলে যেতে বলেন। রাত ১০টা পর্যন্ত কোচিং চলবে, তাই যারা রোজা রাখবে, তাদের ইফতারিও সঙ্গে করে নিয়ে যেতে বলেন। রুবীনা জানায়, সকাল ১০টায় কোচিং শুরু হয়। আগের দিন জানিয়ে দেওয়ার পরও যারা ইফতারি নিয়ে যায়নি, তাদের দুপুরে ছুটি দেওয়া হয় ইফতারি আনার জন্য। কিন্তু সে বাসায় গিয়ে দেখে, তার মা ঘরে নেই, নানাবাড়িতে গেছেন। তাই সে ইফতারি না নিয়েই আবার স্কুলে ফিরে যায়। পরে সে ইফতার করতে ও মাগরিবের নামাজ পড়ার জন্য স্কুলের পাশে তার বান্ধবী নিশাদের বাড়িতে যায়। রুবীনা বলেছে, ইফতার শেষে কোচিংয়ে ফিরতে কিছুটা দেরি হওয়ায় স্কুলের শিক্ষকেরা তাকে খুঁজতে থাকেন। এরই মধ্যে সে স্কুলে পৌঁছালে প্রধান শিক্ষক রুহুল আমিন তাকে ধরেই দুটি থাপড় মারেন। এতে সে মেঝেতে পড়ে যায়। পরে প্রধান শিক্ষক লাঠি দিয়ে তাকে বেধড়ক পেটান এবং এলোপাতাড়ি লাথি মারেন। এ সময় সে দৌড়ে এক কক্ষ থেকে আরেক কক্ষে গেলে প্রধান শিক্ষক সেখানে গিয়েও তাকে বেধড়ক পেটান। এ সময় অন্য শিক্ষকেরা তাকে বাঁচাতে এগিয়ে গেলেও তাঁরা ব্যর্থ হন। একপর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। মেয়েটির নানা আবদুল জলিল প্রথম আলোকে জানান, খবর পেয়ে তাঁরা স্কুলে গিয়ে রুবীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সন্তোষ কুমার সরকার বলেন, মেয়েটির হাত, পা, পিঠসহ পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। যোগাযোগ করা হলে হা-মীম একাডেমির প্রধান শিক্ষক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, ‘মেয়েটিকে খুঁঁজে পাচ্ছিলাম না। এ কারণে তাকে কয়েকটি লাঠির আঘাত করেছি।’