নির্ধারিত জায়গায় পশু কোরবানি হয়নি

ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে পশু কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত এসব স্থানের মধ্যে হাতে গোনা কয়েকটি জায়গায় পশু কোরবানি হয়েছে। কিছু কিছু নির্ধারিত স্থান ছিল যেখানে একটি পশুও জবাই হয়নি। লোকজন আগের মতোই বাসার গ্যারেজ, খালি জায়গা, রাস্তা ও গলিতে পশু কোরবানি দিয়েছেন।
ঈদের দিন সকাল থেকে ঢাকায় শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও দূরত্বকেই কোরবানির নির্ধারিত জায়গায় না যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় ব্যক্তিরা। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশগত বিপর্যয় ঠেকাতে সিটি করপোরেশন এসব স্থান নির্ধারণ করে দিয়েছিল। বর্জ্য অপসারণের সুবিধার্থে ২০১৫ সালে প্রথমবারের মতো পশু জবাইয়ের জন্য এলাকাভিত্তিক স্থান নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। গত বছরও নির্ধারিত এসব স্থানে পশু কোরবানি হয়েছে খুবই কম।
পশু কোরবানির জন্য করপোরেশনের নির্ধারিত ৫০৪টি জায়গায় উপস্থিতি আশানুরূপ ছিল না বলে মন্তব্য করেন মেয়র সাঈদ খোকন। গতকাল নগর ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্ধারিত জায়গায় পশু কোরবানির উদ্যোগের দ্বিতীয় বছর চলছে। গত বছরের তুলনায় এবার উপস্থিতি বেশি ছিল। তবে দীর্ঘদিনের অভ্যাস থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।
মৌসুমি বায়ুর প্রভাবে গত সোমবার রাত থেকে সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। ঈদের দিন সকাল থেকেই বৃষ্টির দাপট আরও বাড়ে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের রিয়াজউদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠ পশু জবাইয়ের নির্ধারিত স্থান ছিল। দেখা যায়, মাঠে শামিয়ানা টানানো থাকলেও সেখানে কোনো পশু জবাই হয়নি। অথচ বিদ্যালয়ে ঢোকার প্রবেশমুখের পাশের সড়কেই তিন-চারটি পশু জবাই হয়েছে। সায়েন্স ল্যাব বাটা সিগন্যালে প্রিন্স টাওয়ারের সামনে দক্ষিণ সিটি করপোরেশনের নির্ধারিত জায়গায় গিয়ে দেখা যায়, কয়েকটি পশু কোরবানি হয়েছে। তবে এর চারপাশের বাসা, সড়ক ও মার্কেটের সামনে এর তুলনায় বেশি পশু কোরবানি হয়েছে।
দক্ষিণ বনশ্রী এলাকায় দেখা যায়, রাস্তায় কোরবানির পশু জবাই ও চামড়া ছাড়ানোর কাজ চলছে। নির্ধারিত স্থানে বৃষ্টির পানি জমে যাওয়ায় সেখানে কোনো পশু কোরবানি হয়নি।
সেখানকার বাসিন্দা এনামুল হক প্রথম আলোকে বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ায় বাসা থেকেই বের হওয়া যাচ্ছে না। নির্ধারিত স্থানে তাই যাওয়া হয়নি। তবে কোরবানির পশুর রক্ত পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা উত্তরের মেয়র আনিসুর হক বলেন, নির্ধারিত স্থানে পশু কোরবানিতে নগরবাসীর আগ্রহ বাড়ছে। পশু কোরবানিকে একটি নির্দিষ্ট জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে। কিছু ওয়ার্ডে নির্ধারিত স্থানে পশু কোরবানি করা হয়েছে, কোথাও হয়নি। এটা দীর্ঘদিনের অভ্যাসের ব্যাপার। আরও কয়েক বছর প্রচারণা চালাতে হবে।