নির্ধারিত টার্মিনাল ছাড়া টোল আদায় বন্ধে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকায় মহাসড়কে নির্ধারিত টার্মিনাল ছাড়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস ও ট্রাকসহ যন্ত্রচালিত সব ধরনের পরিবহন থেকে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

কুষ্টিয়া জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সৌমেন্দ্র নাথ সাহা ২৩ জুলাই রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌফিক ইনাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।

পরে আইনজীবী তৌফিক ইনাম প্রথম আলোকে বলেন, স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয় দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকার মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাস-ট্রাকসহ সব ধরনের পরিবহন থেকে টোল আদায় না করতে ২০১৫ সালে ৩ ডিসেম্বর সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা জারি করেন। এরপরেও সিটি করপোরেশন পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকার মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্ধারিত টার্মিনালের বাইরে টোল আদায় করা চলছিল। এ অবস্থায় সৌমেন্দ্র নাথ সাহা বেআইনি ভাবে টোলের নামে অর্থ আদায় বন্ধের নির্দেশনা চেয়ে রিটটি করেন। শুনানি নিয়ে আদালত রুলসহ সরকারের প্রতি ওই নির্দেশ দিয়ে আদেশ দেন।

রুলে নির্ধারিত বাস ও ট্রাক টার্মিনাল ছাড়া দেশের সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলা পরিষদ এলাকার মহাসড়কে এসব যানসহ যন্ত্রচালিত সব পরিবহন থেকে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পুলিশের মহাপরিদর্শক, সাত বিভাগীয় কমিশনার ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১৪ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান আইনজীবী তৌফিক ইনাম।