নির্ধারিত দামে চিনি মেলে না কোথাও
বরিশালে ডিলারদের কাছে চিনি মজুদ থাকলেও সরকার নির্ধারিত ৬৫ টাকা মূল্যে চিনি বিক্রি হচ্ছে না। চিনির সঙ্গে গুড়ের বাজারেও সংকট শুরু হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৭২-৭৫ ও গুড় ৮০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। শুক্রবার ও গতকাল শনিবার সরেজমিনে নগরের হাসপাতাল রোড, কালীবাড়ি রোড, বাংলাবাজার, নতুন বাজার, বাজার রোডসহ (বড় বাজার) বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা বাজারে সরকার ঘোষিত ৬৫ টাকা কেজি দরে কোনো দোকানেই চিনি বিক্রি হয় না। আর দোকানিরা পাইকারি বাজার থেকে ৬৯-৭০ টাকা দরে চিনি কিনে আনেন। এদিকে বাজারে গুড়ের দামও বেড়ে গেছে। পাইকারি বাজারে ৭৫ টাকা কেজি দরে গুড় বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা বিক্রি করছেন ৮০-৮৫ টাকা কেজি। খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডিলাররা চিনি নেই বলে পাইকারি ৬৯-৭০ টাকা কেজি দাম রাখেন কিন্তু ক্যাশ মেমো দেন না। এ ছাড়া তাঁরা অল্প অল্প করে ৬৯-৭০ টাকা কেজি দরে খুচরা বাজারে চিনি বিক্রি করছেন। নতুন বাজার এলাকার বিক্রেতা মো. সেলিম বলেন, ‘পাইকারি বাজারে ৬৯ টাকা কেজি চাওয়ায় চিনি না কিনে চলে এসেছি। এখন গুড় বিক্রি করছি ৮০ টাকা দামে।’ যাদব সাহা বলেন, ‘৭০ টাকা কেজি দরে কিছু এনেছিলাম। বাজারের সঙ্গে দামে মিল নাই তাই চিনি বিক্রি করি না।’ মনসা স্টোর্সের শংকর বণিক জানান, ‘৭০ টাকা কেজি চিনি কিনে এনে কীভাবে কম দামে বিক্রি করব? তার ওপরে আমাদের কোনো ক্যাশ মেমোও দেওয়া হয় না। তাই ভ্রাম্যমাণ আদালতের ভয়ে চিনি রাখি না।’ হাসপাতাল রোডের বধূয়া জেনারেল স্টোর্সের এক বিক্রেতা বলেন, ‘বেশি দামে চিনি এনে শুধু কাস্টমার ঠিক রাখার জন্য কম দামে বিক্রি করছি।’ বাজার রোডের শুক্কুর স্টোর্সের মালিক মো. শুক্কুর বলেন, ‘পবিত্র স্টোর্স, অন্নপূর্ণা স্টোর্স, মনোরঞ্জন ভান্ডার, লোকনাথ ভান্ডার, জয়কালী স্টোর্স, পুলিন ঘোষ ও মনসা ভান্ডার চিনির বাজার নিয়ন্ত্রণ করে। তাদের কাছে চিনি থাকলেও আমরা খুচরা বিক্রির জন্য পাই না।’নাম প্রকাশ না করে চিনির ডিলার বাজার রোডের অন্নপূর্ণা ভান্ডারের এক কর্মচারী বলেন, ‘তাঁদের কাছে চিনি নেই।’বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান বলেন, ‘বাজারে আরও চিনি আনার উদ্যোগ নিয়েছে সরকার। তার পরও যারা চিনির দাম বাড়ানোর সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য প্রশাসনকে অনুরোধ করেছি।’