বস্তায় লেখা ‘মূল্য ৩৪ টাকা কেজি’। কিন্তু নিজস্ব পরিবেশকেরাই (ডিলার) বিক্রি করছেন বেশি দামে। খুচরা বিক্রেতার হাতে গিয়ে দাম উঠে যাচ্ছে ৩৮ টাকা পর্যন্ত। রাজশাহীতে বিএডিসির গমবীজ বিক্রির ক্ষেত্রে এ অবস্থা চলছে।
কৃষকেরা বলছেন, বিএডিসির নজরদারি না থাকায় এমনটি হচ্ছে। কিন্তু বিএডিসি বলছে, বাজারে গমবীজের ঘাটতি থাকায় অনেকে এর সুযোগ নেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনবলের অভাবে ঠিকমতো তদারক করা যাচ্ছে না।
বিএডিসির রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার কৃষকদের জন্য এ বছর ৪৫ হাজার টন গমবীজের চাহিদা দিলেও এর বিপরীতে বরাদ্দ এসেছে মাত্র ২৩ হাজার টন। কিন্তু জেলায় গম চাষের লক্ষ্যমাত্রা গতবারের মতোই রয়েছে। গত বছর রাজশাহীতে ৩৩ হাজার ১৫০ হেক্টর জমিতে গম চাষ হয়েছিল। এবার একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বিএডিসি বলছে, এবার ৩১ টাকা কেজি দরে ডিলারদের কাছ গমবীজ বিক্রি করা হয়েছে। কৃষকের হাতে পৌঁছানো পর্যন্ত এই দাম কোনোমতেই বস্তার গায়ের দামের চেয়ে বেশি হবে না। বস্তার গায়ে দাম লেখা আছে ৩৪ টাকা কেজি।
বিএডিসির ডিলাররা এবার গমবীজ খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাঁরা এখন কৃষকদের জিম্মি করে বেশি দাম আদায় করছেন। গতকাল শুক্রবার জেলার বিভিন্ন এলাকায় বিএডিসির পরিবেশক ও খুচরা বিক্রয়কেন্দ্রে গিয়ে ও এলাকার কৃষকদের সঙ্গে কথা বলে এর সত্যতা মিলেছে।
চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের রফিকুল ইসলাম বলেন, তিনি একজন খুচরা বিক্রেতার কাছ থেকে গত বৃহস্পতিবার বিএডিসির ২০ কেজি গমবীজ কিনেছেন। বস্তার গায়ে ৩৪ টাকা কেজি লেখা থাকলেও দোকানি ৩৮ টাকা কেজি ধরেন। পবা উপজেলার খড়খড়ি এলাকার কৃষক আশরাফ আলী বলেন, বাজারে গিয়ে তিনি বিএডিসির গমবীজ পাননি। এর ফলে তিনি ৪০ টাকা কেজি দরে অন্য কোম্পানির বীজ কিনেছেন।
গতকাল সকালে রাজশাহী নগরের নওদাপাড়ায় বিএডিসির পরিবেশক আবদুল মালেকের বিক্রয়কেন্দ্রে গিয়ে মাত্র ১০-১৫ বস্তা গমবীজ পাওয়া যায়। তিনি দোকানে ছিলেন না। পাশের একজন সাইকেল মিস্ত্রি এসে বললেন, মালেক তাঁকে বিক্রির অনুমতি দিয়ে গেছেন। দাম ৩৬ টাকা ৫০ পয়সা কেজি। তবে তিনি ৫০ পয়সা কমাতে পারবেন।
রাস্তার পশ্চিম পাশের খুচরা বিক্রেতা নিউ রাজশাহী বীজ ভান্ডারের মালিক আবদুল আজিম পরিচয় পেয়ে বললেন, ডিলারদের কাছ থেকেই ৩৫ টাকা কেজি দরে কিনতে হচ্ছে। এ জন্য তিনি গমবীজ তেমন একটা বিক্রি করছেন না। তিনি বলেন, কৃষকদের দুর্ভাগ্য তাঁরা ফসলের ন্যায্য দাম পান না। আবার বীজ কিনতে গেলে সস্তায় পান না।
নগরের ওমরপুর নার্সারি ও বীজ ভান্ডারে গিয়ে বিএডিসির গমবীজের দাম জানতে চাইলে দোকানের কর্মচারী আশরাফ আলী বলেন, তাঁরা ২০ কেজির বস্তা ৭৩০ টাকা দরে বিক্রি করছেন। প্রতি কেজির দাম ৩৬ টাকা ৫০ পয়সা।
এ ছাড়া চারঘাট ও বাঘা উপজেলায় ফোন করে কৃষক ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কোথাও ৩৫ টাকা কেজির কমে গমবীজ পাওয়া যাচ্ছে না।
জানতে চাইলে বিএডিসির উপপরিচালক (বীজ বাজারজাতকরণ) কামরুজ্জামান বলেন, গত মৌসুমে ‘ব্লাস্ট’ রোগের কারণে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর এলাকায় গম হয়নি। ফলে ওই এলাকা থেকে বীজ সংগ্রহ করা যায়নি। এতে দেশে বীজের ঘাটতি দেখা দিয়েছে। ডিলারদের বেশি দামে বীজ বিক্রি প্রসঙ্গে তিনি বলেন, কয়েক দিন আগে তিনি দুর্গাপুরে গিয়েছিলেন। ফেরার সময় কয়েকজন ডিলারের সঙ্গে কথা বলেছেন। তাঁরা কেউ বেশি দামে বীজ বিক্রির কথা স্বীকার করেননি। তিনি আরও বলেন, তিনি রাজশাহীর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁর দায়িত্বে রয়েছেন। তাঁর একার পক্ষে এত এলাকায় নজরদারি করা কঠিন।
রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শামসুল হক প্রথম আলোকে বলেন, বিএডিসি মাত্র ২০ ভাগ বীজের চাহিদা পূরণ করে থাকে। তাঁদের বীজ না থাকলেও কৃষক পর্যায়ে বীজ রয়েছে। ১ নভেম্বর থেকে গমচাষ শুরু হয়েছে। আরও ১৫ দিন চলবে। বীজের সংকট হবে না।