নির্ধারিত দিনের আগেই দুদকে হাজিরা এ্যানির
নির্ধারিত দিনের এক দিন আগেই দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হলেন লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে সকাল ১০টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
আয়বহির্ভূত সম্পদ থাকা এবং জমি দখলের অভিযোগ নিয়ে আজ বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে শহীদ উদ্দীন চৌধুরীকে গত ২৬ ফেব্রুয়ারি নোটিশ দেয় দুদক। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি গতকালই হাজির হন। দুদক সূত্র জানায়, বিএনপির এই নেতা তাঁর বিরুদ্ধে তোলা সব অভিযোগ অস্বীকার করেছেন। শহীদ উদ্দীন দুদক ত্যাগের সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।
সাবেক রাজউক চেয়ারম্যানের সাক্ষ্য: সাবেক গৃহায়ণ ও গণপূর্তসচিব এবং বর্তমানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে প্লট নিয়ে অনিয়মের অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল হককে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করেছেন দুদকের উপপরিচালক যতন কুমার রায়।