রাজশাহী মেডিকেল কলেজে নির্ধারিত পরীক্ষক ছাড়াই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট তারিখের তিন দিন আগেই একটি পরীক্ষা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির তদন্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, গত ২০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে এমফিল কোর্সের মৌখিক, ব্যবহারিক ও ক্লিনিক্যাল পরীক্ষা হয়। গত রোববার রেডিওথেরাপি বিভাগের পার্ট-২-এর চূড়ান্ত পত্র-৬-এর পরীক্ষা ছিল। এ পরীক্ষার আহ্বায়ক ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দায়েম উদ্দিন। নিয়ম অনুযায়ী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিনের দপ্তর থেকে এই পরীক্ষার পরীক্ষক নিয়োগ দেওয়া হয়। এই পরীক্ষার জন্য নিয়োগপ্রাপ্ত একজন পরীক্ষক ছিলেন সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক সৈয়দ মো. আকরাম হুসাইন। পরীক্ষকদের নিয়োগপত্রে শর্ত দেওয়া থাকে কোনো পরীক্ষক কোনো কারণে পরীক্ষা গ্রহণে অপারগতা প্রকাশ করলে তাঁকে পরীক্ষার নির্ধারিত তারিখের তিন দিন আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাতে হবে। কিন্তু এখানে ঘটেছে উল্টো ঘটনা। পরীক্ষা গ্রহণ করতে আসার প্রাক্কালে পরীক্ষক সৈয়দ মো. আকরাম হুসাইন জানতে পারেন নির্ধারিত তারিখের তিন দিন আগে ২৭ আগস্ট ওই পরীক্ষা নেওয়া হয়েছে। আর তাঁর (সৈয়দ মো. আকরাম হুসাইন) পরিবর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক মোখলেছ উদ্দিনকে দিয়ে ওই পরীক্ষা নেওয়া হয়েছে।
মোখলেছ উদ্দিন জানান, এ ব্যাপারে আগে থেকে তিনি কিছুই জানতেন না। ওই দিন তিনি পূর্বনির্ধারিত একটি পরীক্ষার পরীক্ষক হিসেবে যান। পরে দায়েম উদ্দিনের অনুরোধে আরেকটি পরীক্ষার পরীক্ষকের দায়িত্ব পালন করেন।
এ ব্যাপারে পরীক্ষা কমিটির আহ্বায়ক দায়েম উদ্দিন বলেন, একজন পরীক্ষক আসতে অপারগতা প্রকাশ করায় বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত বড় বড় পরীক্ষক দিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় থেকেই পুনর্নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেভাবে করে দেওয়া হয়েছে, সেভাবেই পরীক্ষা নেওয়া হয়েছে।
সৈয়দ মো. আকরাম হুসাইন জানান, তিনি পরীক্ষা নিতে অপারগতা প্রকাশ করেননি। তিনি পরীক্ষা নিতে যাওয়ার প্রাক্কালে রাজশাহী মেডিকেল কলেজের রেডিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান নূরুল ইসলাম তাঁকে ফোন করে জানান, আগেই পরীক্ষা নেওয়া হয়ে গেছে।
এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, কোনো পরিবর্তন করতে হলে অবশ্যই বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে। কিন্তু তাঁরা এ ব্যাপারে কিছুই জানেন না। নির্ধারিত তারিখের আগে তারা পরীক্ষা নিতেই পারে না। এই পরীক্ষার বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। অন্তত মৌখিকভাবে জানাতে হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে তাঁরা একটা দাপ্তরিক অভিযোগ পেয়েছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে তদন্ত করার জন্য বলা হয়েছে।