রাঙামাটি সরকারি কলেজে নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিলসহ কয়েকটি দাবিতে গতকাল শনিবার দেড় শতাধিক আদিবাসী শিক্ষার্থী ক্যাম্পাসে মিছিল শুরু করলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে দেড় শতাধিক আদিবাসী শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে মিছিল বের করলে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান গিয়ে ছাত্রছাত্রীদের প্রতিনিধি ও কলেজ অধ্যক্ষের সঙ্গে সভা করে সমঝোতায় পৌঁছান। তবে কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে কথা বলে বিপরীতমুখী বক্তব্য পাওয়া গেছে। শিক্ষার্থী প্রতিনিধিরা দাবি করছেন, কলেজ ব্যবস্থাপনা কমিটি পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সাধারণ পোশাকে কলেজে আসতে পারবে বলে নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে অতিরিক্ত জেলা প্রশাসক ও কলেজের অধ্যক্ষ বলছেন, শুধু আজ রোববার পর্যন্ত সাধারণ পোশাকে আসার অনুমতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ একতরফাভাবে কলেজে নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করেছে। সে কারণে তারা এক সপ্তাহেরও বেশি সময় কলেজের শ্রেণীকক্ষে ঢুকতে পারছে না। এতে তাদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থীদের পক্ষ থেকে জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সমঞ্চান দ্বিতীয় বর্ষের ছাত্র মোহন চান দেওয়ান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কলেজে নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করার ব্যাপারে আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে নিয়মতান্ত্রিক আন্দোলনে নামতে হচ্ছে।’ কলেজের অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা বলেন, ‘২২ সেপ্টেম্বরের ঘটনার পর পাহাড়ি ছাত্র পরিষদ, ছাত্রলীগ, ছাত্রদলসহ কিছু সংগঠন বেশ কয়েকবার সভা করে কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাক পরার সিদ্ধান্ত নিয়েছিল। সেই সিদ্ধান্তের আলোকে বেশ কিছুদিন সবাই পোশাক পরে কলেজে আসছিল। এখন হঠাৎ করে বলা হচ্ছে সিদ্ধান্ত বাতিল করতে। আমরা বলেছি, যদি গরিব ছাত্রছাত্রী থাকে প্রয়োজনে আমরা ইউনিফর্ম তৈরি করে দেব। গত বছরের ২২ সেপ্টেম্বর রাঙামাটি সরকারি কলেজে কয়েকজন বহিরাগত আদিবাসী শিক্ষার্থীর হামলার পরিপ্রেক্ষিতে রাঙামাটি শহরে সাম্প্রদায়িক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সে ঘটনা তদন্তে গঠিত কমিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারতি পোশাক চালু করার সুপারিশ করে।’